“ভণ্ডামির প্রতিবাদ থামবে না”, কংগ্রেস নেতা গ্রেফতার হতেই তোলপাড় রাজ্য রাজনীতি

বাগেশ্বর বাবার ছবি জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় দক্ষিণ কলকাতায় তুঙ্গে রাজনৈতিক পারদ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর টালিগঞ্জের বাড়ি থেকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে। ভবানীপুর থানার এই কঠোর পদক্ষেপকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা।
কংগ্রেসের তোপ ও আন্দোলনের হুঁশিয়ারি
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে টালিগঞ্জের বাসভবন থেকে অতনু দাসকে পাকড়াও করে ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হয়। এই গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার সরব হন। তিনি বলেন, “অতনুকে গ্রেফতার করে সরকার আসলে বুঝিয়ে দিল যে বাংলার মানুষ এখনও অন্যায়ের প্রতিবাদ করতে জানে। সাধু-সন্তের ছদ্মবেশে এই ভণ্ডামির বিরুদ্ধে আমাদের লড়াই রাজপথেই থাকবে। কতজনকে জেলে পুরতে পারে সরকার, আমরাও দেখে নেব।”
বিজেপির পাল্টা কটাক্ষ
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। কটাক্ষের সুর চড়িয়ে তিনি বলেন, “রাজ্যে যাদের ভোটের হার দুই শতাংশও পৌঁছায় না, তারা নাকি সরকারকে চ্যালেঞ্জ করছে! রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে এসব বড় বড় ডায়লগবাজি ছাড়া আর কিছু নয়। আন্দোলনের এতই শখ থাকলে উত্তরপ্রদেশে গিয়ে করুন।” সজল ঘোষের দাবি, এসব কাণ্ডকারখানার জন্যই বিরোধীরা শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবে।
এদিকে, এই বিক্ষোভ কাণ্ডে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজেও জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।