‘দল অপমান আর মিসগাইড করে!’ বিজেপির বিরুদ্ধে মুখ খুলে চরম অস্বস্তি বাড়ালেন রেখা

‘দল অপমান আর মিসগাইড করে!’ বিজেপির বিরুদ্ধে মুখ খুলে চরম অস্বস্তি বাড়ালেন রেখা

হিঙ্গলগঞ্জের বিজেপি নেতৃত্বকে ফের চরম অস্বস্তিতে ফেললেন দলের বিতর্কিত মুখ রেখা পাত্র। সন্দেশখালির জমি-বিবাদ ও পুলিশকর্মীকে চড় মারার ঘটনা থিতিয়ে যাওয়ার আগেই এবার সরাসরি নিজের দলের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। জেলা নেতৃত্ব তাঁকে ‘মিসগাইড’ করছে এবং অপমান করছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।

শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রেখা দাবি করেন, “পড়াশোনা জানি না বলে জেলা কমিটি সব সময় আমাকে অপমান করে। জেলা থেকে আমাকে মিসগাইড করা হয়, সেই কারণেই আমি দলের কোনো কর্মসূচিতে যাই না।” একই সাথে নিজের বাবার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, তাঁর বাবা অষ্টম-নবম শ্রেণি পাস করে রাজ্যর বাইরে গিয়ে ডাক্তারি করতেন। রেখার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তীব্র ট্রোলের ঝড় উঠেছে।

কয়েক দিন আগে সন্দেশখালিতে শরিকি জমির বিবাদে জড়িয়ে পড়ে বিতর্ক বাড়ান রেখা। সেই সময় কর্তব্যরত এক পুলিশকর্মীর গায়ে হাত তোলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনার ব্যাখ্যা দিয়ে রেখা বলেন, “যে মেজবাবুকে চড় মেরেছিলাম, তাঁর গায়ে পুলিশের পোশাক ছিল না বলে চিনতে পারিনি। পরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছি।”

রেখার এই ধারাবাহিক বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডে বেশ ব্যাকফুটে জেলা বিজেপি। বিজেপির জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য জানান, “রেখাকে দল যথেষ্ট সম্মান করে এবং তাঁর সাথে যোগাযোগ রেখেই কাজ করা হয়। এর পরেও উনি কেন এমন কথা বলছেন, তা তিনিই বলতে পারবেন।” অন্যদিকে, খোঁচা দিতে ছাড়েনি বিরোধী শিবির। সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার কটাক্ষ করে বলেন, “দল কাকে চয়ন করে বিধানসভায় পাঠিয়েছে, বিজেপি এখন হাড়ে হাড়ে তা টের পাচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *