পুজোর মুখেই বড় ধাক্কা: ১৯ ও ২০ সেপ্টেম্বর পুরীগামী একগুচ্ছ ট্রেন বাতিল!

পুজোর মুখেই বড় ধাক্কা: ১৯ ও ২০ সেপ্টেম্বর পুরীগামী একগুচ্ছ ট্রেন বাতিল!

দুর্গাপুজোর বাকি আর মাত্র মাসখানেক। তার ওপর সামনেই বিশ্বকর্মা পুজো এবং উইকএন্ডের টানা ছুটি। পুজোর মরশুম শুরু হওয়ার আগেই যদি সমুদ্রসৈকতে ছুটির মেজাজে কাটানোর পরিকল্পনা থাকে, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর খড়্গপুর ডিভিশনে ট্রেন চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ জারি করেছে দক্ষিণ-পূর্ব রেল। এর ফলে বাতিল করা হয়েছে হাওড়া-পুরী এক্সপ্রেসসহ একাধিক দূরপাল্লার ট্রেন এবং লোকাল সার্ভিস।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, বালিচক রোড ওভারব্রিজে নতুন স্টিল গার্ডার বসানোর কাজের জন্যই এই সিদ্ধান্ত। লাইনে আধুনিকীকরণ ও যাত্রী নিরাপত্তার স্বার্থে আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর— এই দু’দিন খড়্গপুর শাখায় পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে ছুটির মুখে চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে সমুদ্রপ্রেমী পর্যটকরা।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিলের তালিকায় রয়েছে নিচের ট্রেনগুলি:

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) যে সব ট্রেন বাতিল থাকবে:

  • ১২৮৩৭/১২৮৩৮ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস
  • ১৮০০৫/১৮০০৬ হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস
  • ১৮৬১৫/১৮৬১৬ হাওড়া-হাতিয়া-হাওড়া এক্সপ্রেস
  • ১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস
  • ১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস
  • ২২৮৯০ পুরী-দীঘা এক্সপ্রেস
  • ৩৮৭২৫ হাওড়া-খড়্গপুর ইএমইউ লোকাল

২০ সেপ্টেম্বর (শনিবার) যে সব ট্রেন বাতিল থাকবে:

  • ২২৮৮৯ দীঘা-পুরী এক্সপ্রেস
  • ৩৮৮০১ ও ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর ইএমইউ লোকাল
  • ৩৮৭০২, ৩৮৭০৪ ও ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া ইএমইউ লোকাল
  • ৩৮৭০৫ হাওড়া-খড়্গপুর ইএমইউ লোকাল
  • ৩৮৮০২ মেদিনীপুর-হাওড়া ইএমইউ লোকাল

ঘুরপথে চলবে যেসব ট্রেন (রুট পরিবর্তন): রেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও কিছু ট্রেনকে বিকল্প রুট দিয়ে চালানো হবে:

  • ১৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ২২৫০২ নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস রামপুরহাট-সাঁইথিয়া-অণ্ডাল-আসানসোল-বার্নপুর-আদ্রা-মেদিনীপুর-হিজলি রুট দিয়ে গন্তব্যে পৌঁছাবে।
  • ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস নির্দিষ্ট রুটের বদলে হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল-হাওড়া হয়ে গন্তব্যের দিকে রওনা দেবে।

রেল কর্তৃপক্ষের দাবি, পরিকাঠামোগত উন্নতির স্বার্থে এই দু’দিন ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হলেও ২১ সেপ্টেম্বর থেকে ফের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে এই দু’দিনে যাদের যাত্রার পরিকল্পনা রয়েছে, তাদের ট্রেনের বর্তমান স্থিতি যাচাই করেই স্টেশনে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *