“শ্যামাপ্রসাদ না থাকলে আমাদের অবস্থাও চিন্ময় প্রভুর মতো হতো”, কড়া সতর্কতা শুভেন্দুর

“শ্যামাপ্রসাদ না থাকলে আমাদের অবস্থাও চিন্ময় প্রভুর মতো হতো”, কড়া সতর্কতা শুভেন্দুর

বাংলাদেশ থেকে আসা মর্মান্তিক খবর এবং জেলবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের ব্যক্তিগত যন্ত্রণাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের হিন্দুসমাজকে কঠোর সতর্কবার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি দীর্ঘ অসুস্থতার পর প্রাণ হারান চিন্ময় দাসের মা। মৃত্যুর আগে ছেলের সাথে দেখা করার আকুল আবেদন সত্ত্বেও মেলেনি অনুমতি; অবশেষে মাত্র ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে চোখে জল নিয়ে মায়ের শেষকৃত্য সম্পাদন করতে হয় এই সন্ন্যাসীকে।

কেষ্টপুরের একটি গণেশ পুজোর শুভ উদ্বোধনে অংশ নিয়ে এই প্রসঙ্গটি অত্যন্ত জোরালো ভাষায় তুলে ধরেন শুভেন্দু। তিনি স্মরণ করিয়ে দেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের দূরদর্শিতা ও বলিষ্ঠ সংগ্রামের ফলেই ১৯৪৭ সালের ২০ জুন বাঙালি হিন্দুদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড বা ‘পশ্চিমবঙ্গ’ গঠন সম্ভব হয়েছিল। তিনি দাবি করেন, এই ভারতভুক্তি ও নিজস্ব রাজ্য যদি সেদিন না মিলত, তবে আজ এপার বাংলার হিন্দুদের অবস্থাও চিন্ময় প্রভুর মতো হতো। নিজের পারিবারিক কষ্টের কথা উল্লেখ করে তিনি জানান, স্রেফ হিন্দু পরিচয়ের কারণে শৈশবে তাঁর মাতৃদেবীকেও ভিটেমাটি ছেড়ে ওপার বাংলা থেকে পালিয়ে আসতে হয়েছিল।

একই সাথে বিগত দশকগুলির রাজনৈতিক ইতিহাসের দিকে আঙুল তোলেন বিরোধী দলনেতা। অতীতের ৩৪ বছরের বাম শাসনকে আক্রমণ করে তিনি বলেন, যারা ধর্মকে ‘আফিম’ মনে করত, তারা পঞ্জিকা, শাস্ত্র ও উৎসবের ঐতিহ্য ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। দুর্গাপুজোর মণ্ডপের বাইরে লাল শালুর বইয়ের স্টল বসানোর সেই পুরনো মানসিকতা আজও অব্যাহত। পাশাপাশি বিগত ১৫ বছরে ‘গ্রেটার বাংলাদেশ’ গড়ে তোলার রাজনৈতিক চক্রান্ত চলেছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। নিজস্ব সংস্কৃতি, সনাতন ঐতিহ্য ও অস্তিত্ব টিকিয়ে রাখতে রাজ্যবাসীকে ইতিহাস মনে রাখার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *