কালো কাপড়ে ঢাকা শি জিংপিংয়ের গাড়ি! কী এই রহস্যময় ‘হংকি এন৭০১’?

দিল্লিতে পা রেখেই চরম গোপনীয়তা এবং নজিরবিহীন নিরাপত্তা বলয়ে খবরের শিরোনামে চলে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। সাত বছর পর তাঁর ভারত সফর ঘিরে যেমন রাজনৈতিক আলোচনা চলছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রয়েছে তাঁর বিশেষ কনভয় এবং একটি কালো কাপড়ে ঢাকা রহস্যময় গাড়ি।
চলতি সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিক্স সম্মেলনে যোগ দিতে এসে এই গাড়িতে করেই যাতায়াত করেছেন শি জিংপিং। তবে সম্মেলনস্থলে পৌঁছানোর আগে তাঁর কনভয়ের গাড়িটি কালো কাপড়ে ঢাকা থাকায় সাধারণ মানুষ থেকে নেটিজেনদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। এর আগে মালয়েশিয়া সফরেও তাঁর গাড়িতে এমন আবরণ দেখা গিয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের মূল কারণ নিখাদ নিরাপত্তা এবং সুরক্ষা। গাড়িটিকে ধুলোবালি, বৃষ্টি বা অনভিপ্রেত আবহাওয়া এবং সম্ভাব্য বাহ্যিক ক্ষতি থেকে মুক্ত রাখতে এই অতিরিক্ত সুরক্ষা নেওয়া হয়। রাষ্ট্রপ্রধানের এই বিশেষ গাড়িটি পরিচিত ‘রেড ফ্ল্যাগ’ বা ‘রেড ব্যানার’ নামে। ব্র্যান্ড হংকি-র তৈরি ‘এন৭০১’ মডেলের এই আল্ট্রা-লাক্সারি গাড়িটি মূলত চীনের প্রেসিডেন্টের জন্যই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
এই গোপন বাহনের প্রযুক্তিগত বৈশিষ্ট্যও বেশ চমকপ্রদ। গাড়িটিতে রয়েছে ৬ লিটারের ভি-১২ ইঞ্জিন, যা থেকে প্রায় ৪০৮ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন হয়। সাড়ে পাঁচ মিটারের বেশি লম্বা এবং তিন টনেরও বেশি ওজনের এই গাড়িতে রয়েছে বুলেটপ্রুফ কাচ ও চাকা। এছাড়া আল্ট্রা-আর্মড প্লেটিং, ২১ ইঞ্চির রান-ফ্ল্যাট হুইল, উন্নত লাইভ-সাপোর্ট এবং এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেমের মতো সর্বাধুনিক ও দুর্ভেদ্য সুরক্ষাবলয় রয়েছে এই গাড়িতে।