‘উনি বাবা নন, কাকু!’ দিনহাটায় ডিম-ভাত বচসায় জোড়া খুন, নেপথ্যে বড় রহস্য

‘উনি বাবা নন, কাকু!’ দিনহাটায় ডিম-ভাত বচসায় জোড়া খুন, নেপথ্যে বড় রহস্য

কোচবিহার: ডিম-ভাত নষ্ট হওয়া নিয়ে সামান্য বচসা, আর তারই জেরে বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুক্রবার কোচবিহারের দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এই জোড়া খুনের ঘটনায় শনিবার চাঞ্চল্যকর সব তথ্য সামনে এনেছে পুলিশ।

ঘটনায় ধৃত ছেলে মহাদেব রায়কে সঙ্গে নিয়ে শনিবার দুপুরে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুরো ঘটনার পুনর্নির্মাণ করার পর ধৃতের দেখানো জায়গা থেকেই উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে খাবার টেবিলে ডিম-ভাত নষ্ট হয়ে যাওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়। মেজাজ হারিয়ে মহাদেব তাঁর বাবা-মায়ের ওপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হন এবং দু’জনকেই কুপিয়ে হত্যা করেন। পুলিশের মুখোমুখি হয়েও ধৃতের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।

তবে তদন্ত এগোতেই সামনে আসে নতুন মোড়। ধৃত মহাদেবের দাবি, নিহত সুকুমার বর্মন তাঁর নিজের বাবা নন, সম্পর্কে কাকু। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর মায়ের সঙ্গে একই ছাদের নিচে থাকতেন। ফলে শুধুই খাবারের বচসা, নাকি এর পেছনে দীর্ঘদিনের পারিবারিক জটিলতা ও তিক্ততা লুকিয়ে রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার সকালে বাড়ির ভেতর থেকে সুকুমার বর্মন (ভ্যানচালক) ও তাঁর স্ত্রী চম্পা রায়ের রক্তাত দেহ উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। নিহতদের মেয়ে টুম্পা রায় সকালে মাকে ফোনে না পেয়ে তাঁর বড় ছেলেকে বাড়িতে পাঠান। সেখানে গিয়েই মেঝেতে দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সে।

ঘটনায় এসডিপিও প্রশান্ত দেবনাথ ও আইসি বুধাদিত্য রায়ের নেতৃত্বে তদন্ত শুরু হয়। মহাদেবকে গ্রেপ্তারের পর পুলিশ এখন তাঁর দাবি ও পাওয়া তথ্য মিলিয়ে ঘটনার মূল কারণ স্পষ্ট করার চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *