‘টিভি তো ডাস্টবিন!’ ছোটপর্দার তারকাদের ধুয়ে দিলেন রোহিত রায়
‘স্বাভিমান’ ও ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’-এর মতো সুপারহিট ধারাবাহিকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও, সেই ছোটপর্দার মাধ্যম এবং তারকাদের তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিনেতা রোহিত রায়। সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে অংশ নিয়ে ছোটপর্দাকে সরাসরি ‘ডাস্টবিন মিডিয়াম’ বলে অভিহিত করেছেন ‘ফ্যাশন’ ও ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’ খ্যাত এই অভিনেতা।
টেলিভিশন ইন্ডাস্ট্রির মেধা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে রোহিত বলেন, “আজকে যা দেখছেন, কাল তা গতকালের বাসি খবরের কাগজের মতোই পুরোনো হয়ে যায়। প্রতিনিয়ত একঘেয়ে কনটেন্ট তৈরি হওয়ায় এই মাধ্যমে নতুনত্ব বা সৃজনশীলতার বড্ড অভাব।” ক্রিকেটের উদাহরণ টেনে তিনি সিনেমার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট এবং টেলিভিশনের সঙ্গে রঞ্জি ট্রফির তুলনা করেন। তাঁর বক্তব্য, সিনেমা তৈরি হয় ভবিষ্যৎ প্রজন্মের স্মৃতিতে জায়গা করে নেওয়ার জন্য, যা ছোটপর্দায় আসাম্ভব।
শুধু মাধ্যমই নয়, ছোটপর্দার অভিনয়শিল্পীদের আচরণ ও পোশাক পরিচ্ছদ নিয়েও চরম ক্ষোভ প্রকাশ করেছেন রোহিত। তাঁর দাবি, বলিপাড়ার বড় তারকাদের মতো পরিমিতি বোধ বা মার্জিত ভাবমূর্তি ছোটপর্দার তারকাদের মধ্যে দেখা যায় না। পাপারাৎজ়ি বা ক্যামেরা দেখলেই অনেকে অসংলগ্ন কথাবার্তা ও অনাবশ্যক চিৎকার শুরু করেন। এমনকি সস্তার প্রচার পাওয়ার উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিকর পোশাক পরতেও দ্বিধা করেন না অনেকে।
অন্যের কাছে নিজেকে শ্রদ্ধেয় করে তুলতে আচার-আচরণ ও পোশাকে সংযম থাকা জরুরি বলে মনে করেন এই প্রবীণ অভিনেতা। তাঁর বার্তা, যত বড় শিল্পীই হন না কেন, ব্যক্তিত্বে পরিমিতি বোধ না থাকলে এবং মাটিতে পা রেখে না চললে দর্শক কাউকেই বেশিদিন মনে রাখে না।