পরিবারকে খুনের হুমকি! লাল-হলুদের বিদায়ী কোচ অস্কারের অভিযোগে তোলপাড় ময়দান

ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে বিচ্ছেদের পর লাল-হলুদের প্রাক্তন কোচ অস্কার ব্রুজোকে ঘিরে তৈরি হলো নতুন চাঞ্চল্য। এবার সরাসরি তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই স্প্যানিশ কোচ। সোশ্যাল মিডিয়ায় লাগাতার খুনের হুমকি পাওয়ায় সুরক্ষার স্বার্থে তিনি বিষয়টি কলকাতা পুলিশ এবং ভারতে অবস্থিত স্পেনের দূতাবাসকে ট্যাগ করে বিস্তারিত জানিয়েছেন।
সম্প্রতি ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার (নীতু)-র নাম তুলে ইস্টবেঙ্গলের অন্দরের রাজনীতি ও দল পরিচালনার গলদ নিয়ে মুখ খুলেছিলেন অস্কার। তাঁর দাবি, সেই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ও তাঁর সহকর্মীদের নিশানা করে কুরুচিকর আক্রমণ শুরু হয়। শুধু অস্কারই নন, তাঁর সহকারী কোচ আদ্রিয়ানও একইভাবে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। প্রমান হিসেবে সেই সব সোশ্যাল মিডিয়া বার্তার স্ক্রিনশটও জনসমক্ষে এনেছেন প্রাক্তন লাল-হলুদ কোচ।
খেলার মাঠের মতপার্থক্য যে এভাবে সরাসরি পরিবারকে শেষ করে দেওয়ার হুমকিতে গিয়ে ঠেকবে, তা মেনে নিতে পারছেন না অস্কার। নির্দিষ্ট প্রমাণ ছাড়া সরাসরি কারও নাম না নিলেও, এই আক্রমণের নেপথ্যে ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতির হাত রয়েছে বলেই জোরালো সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ফুটবল কেরিয়ারে এমন কুরুচিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়ে চরম ক্ষোভ প্রকাশ করে ব্রুজো স্পষ্ট জানান, পেশাদার ক্রীড়াজগতে এ ধরনের নোংরামো একেবারেই বরদাস্ত করা যায় না।