ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই কাজ! এবার মুখ দেখিয়েই হবে আধার ভেরিফিকেশন

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার ব্যবহারকারীদের জন্য পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করতে একটি বড় পদক্ষেপ নিয়েছে। এখন থেকে ব্যাংক, আর্থিক প্রযুক্তি সংস্থা (Fintech) এবং বিমা কো ম্পা নিগুলি তাদের নিজস্ব মোবাইল অ্যাপের মাধ্যমেই গ্রাহকদের আধার-ভিত্তিক ‘ফেস ভেরিফিকেশন’ বা মুখ শনাক্তকরণ সুবিধা দিতে পারবে।
কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা? নতুন এই আপডেটের ফলে সাধারণ ব্যবহারকারীদের আর আলাদা কোনো থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানের অ্যাপ থেকেই ক্যামেরার সাহায্যে গ্রাহকের মুখের ছবি তুলে আধারের সংরক্ষিত তথ্যের সাথে মিলিয়ে নেওয়া সম্ভব হবে।
সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থায় ব্যবহার করা হয়েছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে কোনো স্থির ছবি বা রেকর্ড করা ভিডিও ব্যবহার করে ভুয়া ভেরিফিকেশনের চেষ্টা করা হলে তা সিস্টেম সাথে সাথে ধরে ফেলবে।
গ্রাহকদের সুবিধা: UIDAI জানিয়েছে, এই পরিবর্তনটি মূলত পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির সিস্টেম আপগ্রেডের জন্য আনা হয়েছে। সাধারণ গ্রাহকদের নতুন করে কোনো তথ্য পরিবর্তন করতে হবে না। যে প্রতিষ্ঠানগুলি তাদের নিজস্ব অ্যাপে এই ফিচারটি চালু করবে, গ্রাহকরা সেখানেই এই সুবিধা পাবেন। এর ফলে পেনশনভোগীদের ‘জীবন প্রমাণপত্র’ জমা দেওয়া, নতুন মোবাইল সিম নেওয়া এবং সরকারি সুবিধা পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।