২৫২টি মাদ্রাসা বন্ধের পদক্ষেপে পূর্ণ সমর্থন শমীকের, টেনে আনলেন বুদ্ধদেবের প্রসঙ্গ

২৫২টি মাদ্রাসা বন্ধের পদক্ষেপে পূর্ণ সমর্থন শমীকের, টেনে আনলেন বুদ্ধদেবের প্রসঙ্গ

দেশের প্রতিটি শিশুর জন্য ধর্ম-পরিচয় নির্বিশেষে সমান অধিকার ও প্রগতিশীল শিক্ষার দাবি তুলে রাজ্য জুড়ে ২৫২টি মাদ্রাসা বন্ধের প্রশাসনিক সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একই সঙ্গে ১০০টি মাদ্রাসাকে শোকজ করার পদক্ষেপটিকেও সঠিক বলে অভিহিত করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি অতীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের করা মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, সেই সময় বামফ্রন্ট সেই সত্য মেনে নিলে সীমান্তবর্তী জেলাগুলোর আজকের এই পরিস্থিতি তৈরি হতো না।

শিক্ষাঙ্গনে ধর্মীয় আচার-অনুশীলনের কোনো স্থান থাকা উচিত নয় বলে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় শমীক লেখেন, শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত বিজ্ঞানমনস্ক, আধুনিক এবং কর্মমুখী ব্যবস্থা গড়ে তোলা। তোষণ ও কুসংস্কারমুক্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব বলে দাবি করেছে বিজেপি।

এছাড়া, পুজো মণ্ডপের বাইরে সিপিএমের বইয়ের স্টল এবং নাস্তিকতা বিতর্ক নিয়ে সুজন চক্রবর্তী ও শতরূপ ঘোষদের পাল্টা আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। পুজো কমিটির অনুমতি সাপেক্ষে স্টল দেওয়ায় আপত্তির কিছু নেই বলে জানালেও, ‘প্রগতিশীলতা’ ও ‘নাস্তিকতা’র সংজ্ঞা বোঝাতে স্বামী বিবেকানন্দের বাণীকে হাতিয়ার করেছেন তিনি। স্বামীজির উদ্ধৃতি টেনে শমীক বলেন, “নিজেকে বিশ্বাস করে না যে, সেই নাস্তিক”— আধুনিক ধর্মের এই সংজ্ঞার নিরিখে সিপিএম নেতাদের অবস্থান নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *