খেলার মাঝে মর্মান্তিক পরিণতি! খালের বাঁধ ধসে প্রাণ গেল দুই শিশুর

বিহারের আরারিয়া জেলার নরপতগঞ্জ ব্লকে অবৈধ মাটি কাটার রমরমা কারবারের জেরে খালের বাঁধ ধসে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ফুলকাহা থানা এলাকার মধুরা পশ্চিম নগর পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে পূর্ব কোসি খালের বাঁধে বেআইনিভাবে মাটি খোঁড়ার কাজ চলছিল। সেই সময় সেখানে খেলা করছিল চার শিশু, হঠাৎই মাটির বিশাল ঢিবি ধসে তারা কাদার স্তূপের নিচে চাপা পড়ে যায়।
গ্রামবাসীরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করে নরপতগঞ্জ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা আট বছর বয়সি আয়ন্স কুমার এবং সাত বছর বয়সি সজন কুমারকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
দীর্ঘদিন ধরে বাঁধের ওপর অবৈধ মাটি উত্তোলনের ফলে মাটি আলগা হয়ে এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দুই শিশুর এই করুণ মৃত্যুর পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এবং ক্ষুব্ধ গ্রামবাসীরা অবিলম্বে এই বেআইনি খনন বন্ধ করে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।