১০ টাকা থেকে ৫৪০০ টাকা! ব্যান্ডেলে গণেশ পুজোয় রেকর্ড লাড্ডু বিক্রি

গণেশ চতুর্থীকে কেন্দ্র করে বাংলার মফস্বলের মিষ্টির বাজারেও এখন সাজো সাজো রব। একসময় এই পুজোর জাঁকজমক মূলত মুম্বইকেন্দ্রিক হলেও, বর্তমানে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ঘরে ঘরে গণেশ আরাধনার চল বেড়েছে। আর তার হাত ধরেই পাল্টে গেছে মিষ্টির বাজারের চিত্র।
ব্যান্ডেল স্টেশন রোডের বিখ্যাত মিষ্টির দোকান ‘কিরণ সুইটস’-এ এ বছর প্রায় ১,০০০ কেজি লাড্ডু প্রস্তুত করা হয়েছে। শুধু পরিমাণে নয়, মিষ্টির আকৃতিতেও আনা হয়েছে অভিনবত্ব। গত বছর যেখানে সর্বোচ্চ ১০ কেজির লাড্ডু তৈরি হয়েছিল, এ বার তা বাড়িয়ে ১৫ কেজি করা হয়েছে। একই সঙ্গে ৫০০ গ্রামের পরিবর্তে তৈরি হয়েছে ২ কেজির বিশালাকার মোদকও।
দোকান সূত্রে জানা যায়, এখানে ১০ টাকা থেকে লাড্ডুর বিক্রি শুরু হচ্ছে এবং সবচেয়ে বড় লাড্ডুটির দাম ৫,৪০০ টাকা। দোকানে সরাসরি ক্রেতাদের ভিড় তো রয়েছেই, পাশাপাশি ১৫টি বড় আকারের লাড্ডুর অগ্রিম অর্ডারও জমা পড়েছিল।
দোকানের কর্ণধার শুভেন্দু মণ্ডলের মতে, ব্যান্ডেলে বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করায় একে ‘মিনি ইন্ডিয়া’ বলা চলে। এখানকার বাসিন্দারা প্রতিটি উৎসবই সমান উৎসাহে উদ্যাপন করেন। ফলে ব্যান্ডেল তো বটেই, চুঁচুড়া ও চন্দননগর থেকেও ক্রেতারা এই দোকানে ভিড় জমাচ্ছেন পুজোর লাড্ডু ও মোদক কিনতে। গণেশের আবহে এই মিষ্টির ব্যবসা এখন জমজমাট।