বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, ২৪ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে কি তবে শক্তিশালী সাইক্লোন?

কলকাতা: বিদায়বেলায় ফের একবার দুর্যোগের মেঘ ঘনাতে শুরু করেছে। সেপ্টেম্বরের মাঝামাঝি এসে বর্ষা বিদায়ের প্রস্তুতি নিলেও, আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাসে নতুন করে উভেলেছে শঙ্কা। আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী নিম্নচাপ বা ট্রপিকাল সাইক্লোন দানা বাঁধতে পারে। এর প্রভাবে মাসের শেষাশেষি পূর্ব ও মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেপ্টেম্বরের মাঝামাঝি পৌঁছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দুর্বল হওয়ার কথা থাকলেও, আবহাওয়ার সাম্প্রতিক মডেলগুলো সম্পূর্ণ অন্য ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞানীদের অনুমান, এই সম্ভাব্য সিস্টেমটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশার উপকূলে আঘাত হানতে পারে। এরপর এটি দক্ষিণ ছত্তীসগঢ় এবং বিহারের ওপর দিয়ে বয়ে গিয়ে উত্তর-পূর্ব ভারতের দিকে নিজের গতিপথ বদলাতে পারে। তবে ঠিক কোথায় এবং কতটা শক্তি নিয়ে এটি আছড়ে পড়বে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা। সিস্টেমটি স্পষ্ট রূপ নিলেই এর গতিপ্রকৃতি আরও স্পষ্ট হবে।
অন্যদিকে, দেশের উত্তর-পশ্চিম অংশে আবার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যেতে পারে। আগামী ২৫ সেপ্টেম্বরের পর ওই অঞ্চলে একটি শক্তিশালী অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা উত্তর আরব সাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর জেরে উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং ওই সমস্ত অঞ্চল থেকে দ্রুত বর্ষা বিদায় নিতে শুরু করবে। চলতি বছরে আগামী ১৫ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পশ্চিম রাজস্থান থেকেই বর্ষা বিদায়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। তবে বর্ষার এই বিদায়বেলায় বাংলার আকাশেও ফের দুর্যোগের কালো ছায়া নেমে আসে কি না, সেটাই এখন দেখার।