পুজোর আগেই বিজেপিতে ১৭ সাংসদের যোগদানের বিস্ফোরক দাবি!

পুজোর আগেই রাজ্য রাজনীতিতে এক সম্ভাব্য রাজনৈতিক পালাবদলের জল্পনা তুঙ্গে উঠেছে। প্রাক্তন তৃণমূল ও বর্তমান এনসিপিআই (NCPI) সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার এক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, আসন্ন দুর্গাপূজার ঠিক আগে বা পরেই এনসিপিআই-এর একটি বিরাট অংশ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছে।
সংবাদমাধ্যমের সামনে জগদীশ বসুনিয়া আত্মবিশ্বাসী সুরে জানান, তাঁদের দলের মোট ১৭ জন সাংসদ খুব শীঘ্রই পদ্মশিবিরে নাম লেখাচ্ছেন। তবে এলাকার জনবিন্যাসের কথা মাথায় রেখে দলের ৩ জন সংখ্যালঘু সাংসদ সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না। আবু তাহের ও খলিলুর রহমানের মতো নেতারা ভিন্ন কৌশলে বা গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পাওয়ার শর্তে এনডিএ-কে বাইরে থেকে সমর্থন জানাবেন।
দলত্যাগ বিরোধী আইন নিয়ে তিনি স্পষ্ট করেন, সংবিধানের নিয়ম অনুযায়ী ২০ জন সাংসদের মধ্যে অন্তত ১৪ জন দল ছাড়লে বা অন্য দলে যোগ দিলে এই আইন প্রযোজ্য হয় না। তাঁদের ক্ষেত্রে ১৭ জন প্রস্তুত থাকায় আইনি কোনো জটিলতা থাকবে না। উৎসবের মরশুমের ঠিক আগে এই রাজনৈতিক সমীকরণ বদলের গুঞ্জন রাজ্য তথা জাতীয় রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, পুজোর আগে সত্যিই এই দলবদল বাস্তবে রূপ নেয় কি না।