পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে নাবালিকাকে ধর্ষণ, পুলিশের জালে ২ যুবক

পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে নাবালিকাকে ধর্ষণ, পুলিশের জালে ২ যুবক

হাবরা: মামারবাড়িতে ঘুরতে এসে চরম নির্মমতার শিকার হল এক নাবালিকা। পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে তাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা পুরসভা এলাকায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনকয়েক আগে ওই নাবালিকা হাবরায় মামারবাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার সন্ধ্যায় পাড়ারই এক পরিচিত কিশোরীর সঙ্গে সে বাইরে বেরোয়। অভিযোগ, সেখান থেকেই তাকে এক যুবকের বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকেই আরও এক যুবক উপস্থিত ছিল। সেখানে পানীয়ের সঙ্গে কোনও নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয় ওই নাবালিকাকে। এরপর হাবরার একটি শিবমন্দির সংলগ্ন নির্জন জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। নাবালিকা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জঙ্গলেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

গভীর রাত পর্যন্ত মেয়ে বাড়ি না ফেরায় হাবরা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে পুলিশ নাবালিকার সঙ্গে থাকা ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই জঙ্গল থেকে অচৈতন্য ও আশঙ্কাজনক অবস্থায় নাবালিকাকে উদ্ধার করা হয়। বর্তমানে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে সে চিকিৎসাধীন।

ঘটনার তদন্তে নেমে দ্রুত দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে হাবরা থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও নারীদের ওপর যৌন নির্যাতন ও অশালীন আচরণের অভিযোগ ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *