রাস্তায় বাস রাখলেই দিতে হবে ৭০০ টাকা জরিমানা, কড়া বার্তা অর্জুন সিংয়ের

কাঁকিনাড়া: রাস্তার ধারে বেপরোয়াভাবে বাস বা মিনিবাস দাঁড় করিয়ে রাখার দিন শেষ। নির্দিষ্ট গ্যারেজ কিংবা নির্ধারিত পার্কিং জোন ছাড়া রাতের বেলা যত্রতত্র বাস পার্কিং করলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। রাজ্যে বেসরকারি বাস ও মিনিবাসের অনিয়ম রুখতে এমনই কড়া নির্দেশিকা আনতে চলেছে রাজ্য পরিবহন দফতর।
উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে আয়োজিত ফুটবল লিগের এক অনুষ্ঠানে এই নতুন নিয়মের কথা জানান পরিবহনমন্ত্রী অর্জুন সিং। খুব শীঘ্রই এই সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
দৈনিক ৭০০ টাকা জরিমানা নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত গ্যারেজ বাদ দিয়ে রাস্তার ধারে রাতভর বাস পার্কিং করে রাখলে বাস মালিকদের প্রতিদিন ৭০০ টাকা করে জরিমানা দিতে হবে। রাস্তার নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যানজট এড়াতেই ‘নাইট পার্কিং’-এর ওপর এই কড়াকড়ি।
প্রশাসন পরিচালনা ও আমলাতন্ত্র অনুষ্ঠানমঞ্চ থেকে প্রশাসনিক দক্ষতা নিয়েও মুখ খোলেন মন্ত্রী অর্জুন সিং। তাঁর মতে, সরকার চালাতে গিয়ে মন্ত্রীদের কেবল আমলাদের ওপর নির্ভরশীল থাকলে চলবে না, নিজেদেরও সজাগ থাকতে হবে। পরিবহন দফতরে প্রশাসনিক স্তরে রদবদল এনে কাজের গতি বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, সাম্প্রতিক বর্ধমানের বাস ধর্মঘটের মতো জটিল সমস্যাও দ্রুত পদক্ষেপে সমাধান করা গিয়েছে।
ক্রীড়া সংস্কৃতি ফেরানোর আহ্বান পরিবহন ব্যবস্থার পাশাপাশি শিল্পাঞ্চলের খেলাধুলার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। অতীতে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে উঠে আসা বহু ক্রীড়াবিদ দেশকে সমৃদ্ধ করলেও পরবর্তীতে উদাসীনতায় তা থমকে গিয়েছিল বলে দাবি করেন তিনি। জেলা ও শহরতলির তরুণ প্রতিভাদের খুঁজে এনে আবার খেলার মূল স্রোতে ফেরানোর তাগিদ দেন অর্জুন সিং।