রুশ তেল কিনলেই ১০০% শুল্ক? মার্কিন বিলে ভারতসহ ১০ দেশের নাম, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে!

রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার মাশুল গুনতে হতে পারে ভারতকে। মার্কিন সেনেটে পেশ হওয়া ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’-এর নতুন সংশোধনীতে ভারতসহ ১০টি দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন মিললে এই বিল বড় ধাক্কা দিতে পারে আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে।
বিলে ঠিক কী রয়েছে?
- নজরদারিতে ১০ দেশ: মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান স্টেনি হোয়ারের পেশ করা তালিকায় ভারতের সাথে রয়েছে চিন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী (UAE), হাঙ্গেরি, সিঙ্গাপুর, আজারবাইজান, স্লোভাক রিপাবলিক, কাজাখস্তান ও কিরগিজ রিপাবলিক।
- মূল লক্ষ্য রাশিয়া: আমেরিকার দাবি, তেল বিক্রির অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো। তাই রুশ তেলের প্রধান ক্রেতা দেশগুলোর ওপর আর্থিক চাপ বাড়াতেই এই বিল।
- ‘শ্যাডো ফ্লিট’-এ নজর: নিষেধাজ্ঞা এড়িয়ে যেসব জাহাজ রুশ তেল পরিবহণ করছে, সেগুলির ওপর কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
মার্কিন প্রশাসনে মতবিরোধ বিলে ট্রাম্পকে সরাসরি শুল্ক বসানোর ব্যাপক ক্ষমতা দেওয়ার কথা বলা হলেও, সেনেটের ভেতরেই এর বিরোধিতা শুরু হয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগরি মিকস এই ক্ষমতা সংক্রান্ত ধারাটি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব রেখেছেন।
বিলটি কি পাশ হবে? আইনে পরিণত হতে গেলে বিলটিকে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হতে হবে এবং পরবর্তীতে প্রেসিডেন্টের স্বাক্ষর লাগবে। তবে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে কংগ্রেসের হাতে অধিবেশনের জন্য আর মাত্র চার দিন সময় রয়েছে। ফলে শেষ পর্যন্ত এই বিল পাশ হবে কি না, তা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।