“১৫ বছর মাঠ দেয়নি শাসকদল”, ক্ষোভ উগরে দিয়ে ফুটবল অ্যাকাডেমির বড় ঘোষণা মিঠুনের

কলকাতা: বাংলায় ফুটবলের হৃত গৌরব ও আবেগ ফিরিয়ে আনতে বড় ঘোষণা করলেন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কলকাতায় গড়ে উঠতে চলেছে ‘বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি’। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করে ‘মহাগুরু’ স্পষ্ট জানান, ভারতীয় ফুটবলে বাংলার হারানো রাজত্ব ফেরানো এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাটির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
সাংবাদিক বৈঠকে মিঠুন চক্রবর্তী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “গত ১৫ বছর ধরে তৃণমূল আমাদের কোনো মাঠই দেয়নি। তবে এখন বিজেপি সরকারের সহযোগিতার ফলেই আমরা সহজে এই উদ্যোগ নিতে পেরেছি।” তিনি জানান, প্রতিভার খোঁজে তাঁদের টিম খুব শিগগির জেলার প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে।
কীভাবে চলবে খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ?
- অভিজ্ঞ স্কাউট: ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলা প্রখ্যাত ফুটবলাররা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে বাছাই করবেন।
- বয়সসীমা: মূলত ১২ থেকে ১৬ বছর বয়সী প্রতিভাবানদের এই অ্যাকাডেমির জন্য চিহ্নিত করা হবে।
- বিনামূল্যে বিশ্বমানের ট্রেনিং: প্রাথমিক পর্যায়ে বাছাই করা ৬০ জন খুদে ফুটবলারকে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চমানের ও বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হবে।
একসময় জাতীয় দলে বঙ্গসন্তানদের জয়জয়কার থাকলেও বর্তমানে তা অনেকটাই ভাটা পড়েছে। জাতীয় দলে বাঙালি খেলোয়াড়দের এই শূন্যতা পূরণ করতে মিঠুন চক্রবর্তীর এই উদ্যোগ কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।