বড় নির্দেশ বিকাশ ভবনের: ৪ জেলায় এখনই মিড ডে মিল দিচ্ছে না ইসকন, বদলে চালু কোন নিয়ম?

রাজ্যের চার জেলায় মিড ডে মিল সরবরাহের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর—এই চার জেলায় ইসকনের ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে দেওয়া খাবার সরবরাহের অনুমোদন আপাতত বাতিল করল বিকাশ ভবন।
প্রাথমিকভাবে কলকাতার বেশ কিছু স্কুলে ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল পরিবেশন সফল হওয়ায়, এই চার জেলাতেও দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছিল। তবে চূড়ান্ত বাস্তবায়নের আগেই সেই অনুমোদন প্রত্যাহার করে নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। বিকাশ ভবনের তরফে এই হঠাৎ পরিবর্তনের কোনো স্পষ্ট কারণ এখনও জানানো হয়নি।
অবশ্য এই সিদ্ধান্তের ফলে ছাত্রছাত্রীদের খাবারে কোনো ব্যাঘাত ঘটবে না। নির্দেশিকায় জানানো হয়েছে, চার জেলার বিদ্যালয়গুলোতে পূর্বের নিয়ম মেনেই স্ব-স্ব স্কুলে রান্না করা হবে এবং পড়ুয়াদের বসে তা খাওয়ানো হবে। আপাতত আগের ব্যবস্থাই বহাল থাকছে।