‘কাটমানি নিলেই কারখানায় তালা!’ দুর্গাপুরে গর্জে উঠলেন বিজেপি বিধায়ক

দুর্গাপুর: ঠিকা শ্রমিকদের পরিশ্রমের টাকা থেকে ‘কাটমানি’ নেওয়া বন্ধ না হলে কারখানার গেট বন্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। মঙ্গলবার দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের সামনে ‘ভারতীয় মজদুর সংঘ’ (BMS) আয়োজিত এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে শাসকদল ও ঠিকাদারদের বিরুদ্ধে সুর চড়ান তিনি।
বিক্ষোভ সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চরম বৈষম্যের অভিযোগ তোলেন বিধায়ক। তাঁর দাবি, শাসকদলের জমানায় ঠিকা শ্রমিকদের তিনটি আলাদা শ্রেণিতে ভাগ করে অন্যায় সুযোগ নেওয়া হয়েছে। প্রথম সারির শ্রমিকরা পুরো বেতন পেলেও, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শ্রমিকদের কষ্টার্জিত উপার্জন থেকে নিয়মিত কাটমানি যেত প্রভাবশালী নেতাদের পকেটে। এই তোলাবাজি ও বৈষম্য অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি।
শ্রমিকদের অধিকার রক্ষায় স্পষ্ট বার্তা দিয়ে লক্ষ্মণ ঘোড়ুই জানান, ঠিকাদারদের অবশ্যই শ্রমিকদের ইএসআই (ESI) ও পিএফ (PF)-এর মতো মৌলিক সুবিধাগুলো সুনিশ্চিত করতে হবে। অনিয়ম হলে কাজ বন্ধ করে রাজপথে নামার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতের বাম আমলের রাজনৈতিক আন্দোলনের ফলে দুর্গাপুরের শিল্প ধ্বংসের উদাহরণ টেনে তিনি সতর্ক করেন—শিল্প ও শ্রমিক উভয়কে বাঁচাতে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই অনিবার্য।