কিউআর স্ক্যান করলেই জানা যাবে ইতিহাস, পর্যটনে এবার ‘ডিজিটাল’ বিপ্লবের দাবি
September 16, 20269:50 am
শিলিগুড়ি: বাংলার পর্যটন শিল্পে আধুনিকতার ছোঁয়া আনতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাইজেশনের জোরালো দাবি তুললেন ব্যবসায়ীরা। দেশকে তাল মিলিয়ে রাজ্যের পর্যটন পরিকাঠামোকেও স্মার্ট করার লক্ষ্যে ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’-এর পক্ষ থেকে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের কাছে একগুচ্ছ প্রস্তাব পাঠানো হয়েছে।
ডিজিটাইজেশনের মূল প্রস্তাবসমূহ:
- স্মার্ট ওয়েবসাইট ও এআই: পর্যটন দপ্তরের পোর্টালকে এমনভাবে আধুনিকীকরণ করতে হবে যাতে পর্যটকেরা সহজে তাঁদের পছন্দ (ইতিহাস, সমুদ্র বা পাহাড়) অনুযায়ী গন্তব্য বেছে নিতে পারেন।
- কিউআর কোডে ইতিহাস: কোচবিহার রাজবাড়ি কিংবা কালিম্পংয়ের নেওড়া ভ্যালির মতো দ্রষ্টব্য স্থানে কিউআর কোড বোর্ড থাকা প্রয়োজন। মোবাইল স্ক্যান করেই পর্যটকেরা সেখানকার ইতিহাস, আধুনিক ভাষার সঙ্গে সম্পর্ক কিংবা পাখি দেখার সঠিক স্থানের মতো বিস্তারিত তথ্য জানতে পারবেন।
- ডিজিটাল ডাটাবেস: ভ্রমণার্থীদের সুবিধার্থে এলাকাভিত্তিক সঠিক তথ্য সহ একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করার আর্জি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের সাধারণ সম্পাদক তন্ময় গোস্বামী জানান, এলাকা সম্পর্কে সঠিক ধারণা পেতে এই প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। অন্যদিকে, প্রস্তাব প্রসঙ্গে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, লিখিত চিঠি এখনও তাঁর কাছে না পৌঁছালেও পর্যটন দপ্তরের নিজস্ব অ্যাপ ও ওয়েবসাইট আধুনিকীকরণের কাজ ইতিমধ্যেই চলছে। পাশাপাশি, কিউআর কোড চালুর বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।