মোদীর হস্তক্ষেপে এক সপ্তাহেই অ্যাকশন! ১৫ বছরের দখলদারি ভেঙে জমি ফেরত পেলেন সহপাঠী আসগর

মোদীর হস্তক্ষেপে এক সপ্তাহেই অ্যাকশন! ১৫ বছরের দখলদারি ভেঙে জমি ফেরত পেলেন সহপাঠী আসগর

দীর্ঘ ১৫ বছরের আইনি ও প্রশাসনিক দৌড়াদৌড়ির পর অবশেষে নিজের জমি ফেরত পেলেন ৮১ বছরের বৃদ্ধ আসগর আলি ভোহরা। আর এই কঠিন সমস্যার সমাধান হয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে, যিনি আসগরের বাল্যকালের স্কুল সহপাঠী।

ঘটনার নেপথ্যে ১৯৮৯ সালে ভায়ান্দারের নাভঘর এলাকায় প্রায় ২,৮১০ বর্গফুটের একটি জমি কিনেছিলেন আসগর আলি। অভিযোগ, ২০১১ সালে সেই জমি বেআইনিভাবে দখল করে নেয় ‘স্বয়ম বিল্ডার্স’ এবং বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার সংস্থ ‘সেভেন ইলেভেন কনস্ট্রাকশনস’। দীর্ঘ দেড় দশক ধরে প্রশাসনের এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরেও কোনো লাভ হয়নি।

মোদীর দরবারে নালিশ উপায় না দেখে গত ৮ সেপ্টেম্বর পুরনো সহপাঠী তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হন আসগর আলি। বাল্যবন্ধুর কাছে নিজের সমস্ত অভিযোগ জানান তিনি। বিষয়টি শোনামাত্রই প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

তৎপর সমাধান প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজ সম্পন্ন হয়। গান্ধীনগরে গুজরাতের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ডেকে পাঠানো হয় আসগর আলিকে। মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের উপস্থিতিতে বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা লিখিতভাবে জানান যে তিনি বিতর্কিত জমিটি খালি করে দিচ্ছেন এবং নির্মাণের অনুমতি বাতিল করছেন। অপর নির্মাণ সংস্থাটিও হলফনামা দিয়ে মেনে নেয় যে জমিটির প্রকৃত মালিক আসগর আলিই।

দেড় দশকের জটিলতা কাটিয়ে জমি ফেরত পেয়ে যারপরনাই আনন্দিত অশীতিপর আসগর আলি। বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য বন্ধু নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *