বিদেশি সফর শেষ, ৩ বছর পর দেশের মাটিতেই আইপিএলের নিলাম!

দীর্ঘ তিন বছর পর আবার ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের আসর। আগামী ডিসেম্বরে দেশেরই একটি শহরে আয়োজিত হবে খেলোয়াড় কেনার এই প্রতিযোগিতা। মঙ্গলবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
কেন দেশে ফেরানো হলো নিলাম? শেষবার ২০২৩ সালে কোচিতে আইপিএলের নিলাম হয়েছিল। এরপর দুবাই, জেড্ডা ও আবু ধাবির মতো বিদেশি শহরে নিলাম আয়োজন করা হয়। তবে বিদেশে যাতায়াত এবং কর্তাদের থাকার ব্যবস্থা নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি আপত্তি জানায়। তাদের দাবির কথা মাথায় রেখেই এ বছরের মিনি নিলাম ভারতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য আগামী বছরের মেগা নিলামটি আবার বিদেশেই অনুষ্ঠিত হতে পারে।
কোন শহরে বসবে আসর? নিলামের শহর এখনও নির্ধারিত হয়নি। অক্টোবর থেকে ডিসেম্বর ভারতে বিয়ের মরসুম চলায় প্রথম সারির বিলাসবহুল হোটেলগুলিতে পর্যাপ্ত ঘর পাওয়া বেশ কঠিন। বিসিসিআই ও দলগুলির অতিথিদের জন্য অন্তত ১০০টি রুমের প্রয়োজন। প্রথম সারির যে মেট্রো শহরে উন্নত পরিষেবা ও এক ছাদের নিচে এতগুলি ঘর মিলবে, সেখানেই নিলামের আয়োজন করা হবে।
নজরে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিলামের প্রস্তুতির পাশাপাশি আইপিএলের বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়েও জলঘোলা চলছে। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিয়মটি তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী এক মাসের মধ্যে আবার গভর্নিং কাউন্সিলের বিশেষ বৈঠক ডাকা হয়েছে।