ডিআই অফিসে রাতে খাসির মাংস-মদের আসর! হানা দিতেই চম্পট কর্মীদের

দক্ষিণ দিনাজপুর: রাত বাড়তেই সরকারি দপ্তর যেন বদলে গেল খাসির মাংস আর মদের আসরে! দক্ষিণ দিনাজপুরের জেলা স্কুল পরিদর্শকের (ডিআই) অফিসে বুধবার রাতে এমনই এক দায়িত্বজ্ঞানহীন কাণ্ড ঘটানোর অভিযোগ উঠল কিছু কর্মীর বিরুদ্ধে। বিপজ্জনকভাবে শত শত গুরুত্বপূর্ণ নথি ও কাঠের আলমারির গা ঘেঁষে আগুন জ্বালিয়ে চলল রান্নাবান্না।
ঠিক কী ঘটেছিল?
সন্ধ্যাবেলা অফিসের কাজ শেষ হতেই শুরু হয় পিকনিকের আয়োজন। সরকারি ঘরকে ব্যবহার করে হাঁড়ি-কড়াই এনে খাসির মাংস রাঁধার পাশাপাশি মদের আসরও বসে বলে অভিযোগ। রাত ১০টা নাগাদ বিষয়টি জানতে পেরে সেখানে হানা দেন ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘে’র প্রতিনিধিরা। তবে তাঁদের আসার খবর পেতেই তড়িঘড়ি কেটে পড়ে ভোজের আসরে থাকা কর্মীরা। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ।
নিরাপত্তা ও অনুমতি নিয়ে উঠছে প্রশ্ন:
শিক্ষক নেতা নিখিল পাল জানান, সরকারি নথিপত্রে ভরা ঘরে রাতের অন্ধকারে কীভাবে এমন বিপজ্জনক পিকনিকের অনুমতি মিলল, তা খতিয়ে দেখা প্রয়োজন। অগ্নি-নিরাপত্তা বিধি তোয়াক্কা না করে রান্না করায় যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত ও দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক সংগঠনটি।
প্রশাসনের বক্তব্য:
বিষয়টি জানাজানি হতেই জেলা স্কুল পরিদর্শক (ডিআই) জানান, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, এই সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।