প্রকাশ্য রাস্তায় নার্সকে কোপানোর পর অ্যাসিড হামলা, গ্রেফতার স্বামী

প্রকাশ্য রাস্তায় নার্সকে কোপানোর পর অ্যাসিড হামলা, গ্রেফতার স্বামী

বেঙ্গালুরু: প্রকাশ্য রাস্তায় এক বাঙালি নার্সের ওপর নারকীয় হামলার ঘটনা ঘটল বেঙ্গালুরুর জেপি নগর এলাকায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং অ্যাসিড ছুড়ে তাঁকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠল তাঁরই স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তরুণীর নাম মধুমিতা। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বেঙ্গালুরুর একটি বেসরকারি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ তিনি ক্লিনিক থেকে প্রাতরাশ করতে বেরোলে, তাঁর স্বামী ভেঙ্কটেশ তাঁকে অনুসরণ করতে থাকেন। মধুমিতা আত্মরক্ষার জন্য পার্কিং এলাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত তাঁকে ধরে ফেলে। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় এবং অ্যাসিড ছুড়ে মারা হয়।

স্থানীয় বাসিন্দা ও ক্লিনিকের কর্মীরা মধুমিতাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্ত তাঁদেরও অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা এক ট্রাফিক পুলিশ সাব-ইনস্পেক্টর তাকে হাতেনাতে ধরে ফেলেন।

গুরুতর আহত মধুমিতাকে উদ্ধার করে হাসপাতালের আইসিসিইউ-তে (ICCU) ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২০২৩ সালে তামিলনাড়ুর বাসিন্দা ভেঙ্কটেশের সঙ্গে মধুমিতার বিয়ে হলেও গত এক বছর ধরে দাম্পত্য কলহের কারণে তাঁরা আলাদা থাকছিলেন। পূর্বপরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *