মোদীকে ‘দেবতা’ বানিয়ে ৭৬ কেজি দুধে স্নান! পাটনার কাণ্ডে শোরগোল দেশজুড়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উদযাপনে বিহারের পাটনায় ঘটল এক অভূতপূর্ব ঘটনা। দেশের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পাটনার কালীঘাটে বিজেপির কর্মী ও সমর্থকরা মোদীর একটি বিশালাকার কাটআউটে এক-দুই কেজি নয়, একবারে ৭৬ কেজি দুধ ঢেলে করলেন ‘দুগ্ধাভিষেক’। বৈদিক মন্ত্রোচ্চারণ ও শঙ্খধ্বনির মাধ্যমে এই বিশেষ যজ্ঞে অংশ নেন ৭৬ জন পুরোহিত।
পূজার পাশাপাশি চলল ঢাকঢোল বাজানো, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান এবং সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ। শুধু পাটনার কালীঘাটেই নয়, বোরিং রোডের শিবমন্দিরে বিশেষ যজ্ঞ এবং কাটিহারে ৭৬ কাপ চা বিতরণের মতো নানা আয়োজনে মুখরিত ছিল চারপাশ।
তবে মোদীর কাটআউটে দুধ ঢালার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। জীবিত কোনো রাজনৈতিক নেতাকে এভাবে দেবতাজ্ঞান করা এবং বিপুল পরিমাণ দুধের অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ ও বিরোধী রাজনৈতিক শিবির। অনুগামীরা এটিকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ বলে দাবি করলেও, বিরোধীরা এটিকে ‘অতি-ভক্তি’ ও অসংবেদনশীলতা বলে কটাক্ষ করছেন। সব মিলিয়ে, জন্মদিনের এই অভিনব আয়োজন ঘিরে এখন তোলপাড় নেটদুনিয়া।