কোলে-পিঠে মানুষ করা বাবার ওপর লাথি-ঘুষি! কুপুত্রীর কুকীর্তি দেখে শিউরে উঠল নেটপাড়া

কোলে-পিঠে মানুষ করা বাবার ওপর লাথি-ঘুষি! কুপুত্রীর কুকীর্তি দেখে শিউরে উঠল নেটপাড়া

হাবড়া: জন্মদাতা বাবাকে মাথার চুল ধরে মাটিতে ফেলে বেধড়ক মারধর! কখনও পিঠে সজোরে ঘুষি, তো কখনও আবার পেটে-বুকে সজোরে লাথি। হাড়সর্বস্ব শরীর নিয়ে বৃদ্ধ বাবার করুণ গোঙানিও গলাতে পারল না মেয়ের মন। উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকায় এমনই এক অমানুষিক ও বর্বর ঘটনার ভিডিও ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে সমাজমাধ্যমে।

সম্পত্তি হাতাতেই কি এই অত্যাচার? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ প্রৌঢ় বাবাকে দেখাশোনার নাম করে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে এসেছিলেন তাঁর বিবাহিতা মেয়ে। এরপর চক্রান্ত করে বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেন তিনি। অভিযোগ, সম্পত্তি হাতানোর পর থেকেই বাবার ওপর অত্যাচারের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেন যুবতী। দেখাশোনার বদলে জোটে অকথ্য মারধর।

প্রতিবেশীর ক্যামেরায় ধরা পড়ল বর্বরতা: দিনের পর দিন এমন শারীরিক নির্যাতনের কারণে বৃদ্ধের চোখে মারাত্মক আঘাত লাগে। শরীরের যত্রতত্র মারধরের ক্ষতচিহ্ন। বৃদ্ধকে বাঁচাতে প্রতিবেশীরা বহুবার প্রতিবাদ জানালেও তাতে কর্ণপাত করেননি মেয়ে। শেষমেশ অমানুষিক এই নির্যাতনের দৃশ্য গোপনে মোবাইলে বন্দি করেন এক প্রতিবেশী এবং তা ছড়িয়ে দেন সমাজমাধ্যমে। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে নেটপাড়ায়।

পুলিশের পদক্ষেপ ও বাবার করুণা: ভিডিওটি নজরে আসতেই নড়েচড়ে বসে হাবড়া থানার পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মেয়ে তন্দ্রিমা দে-কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে নির্যাতনের চরম শিকার হয়েও মেয়ের প্রতি পিতার টান কমেনি। বৃদ্ধ বাবার আকুল অনুরোধ ও মিনতিতে শেষ পর্যন্ত মুচলেকা নিয়ে মেয়েকে ছেড়ে দেয় পুলিশ। তবে মুচলেকায় জানানো হয়েছে, ভবিষ্যতে বাবার সাথে তিনি আর কোনো খারাপ ব্যবহার করতে পারবেন না এবং তাঁর গতিবিধির ওপর নজর রাখবে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *