তাঁবু থেকে বেরোতেই বিস্ফোরণ, বাবার চোখের সামনেই নিভে গেল তরুণ প্রাণ!

তাঁবু থেকে বেরোতেই বিস্ফোরণ, বাবার চোখের সামনেই নিভে গেল তরুণ প্রাণ!

ইজরায়েল-গাজা সংঘর্ষের আগুনে স্বজন হারানোর হাহাকার অব্যাহত। সাধারণ মানুষের জন্য পানীয় জলের বন্দোবস্ত করতে গিয়ে ইজরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারালেন গাজার স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল মুনির আল বুর্শের বড় ছেলে বসির আল বুর্শ।

সংবাদ সংস্থা সূত্রের খবর, উত্তর গাজার এক শরণার্থী শিবিরের কাছে হামলাটি ঘটে। ঘটনার মুহূর্তে একই তাঁবুতে উপস্থিত ছিলেন বাবা ও ছেলে। আক্রমণের আশঙ্কার কথা জানিয়েও পিপাসার্ত মানুষের জলের ব্যবস্থা করতে তাঁবুর বাইরে পা রেখেছিলেন বসির। ঠিক সেই মুহূর্তেই উপর থেকে ধেয়ে আসে হামলা। চোখের সামনে ছেলেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেন অসহায় বাবা। পরবর্তীতে প্রকাশ পাওয়া একটি করুণ দৃশ্যে দেখা যায়, সন্তানহারা বাবা মুনির আল বুর্শ নিজেই কাঁধে তুলে নিয়েছেন ছেলের নিথর দেহ।

বসিরের ভাই, চিকিৎসক মহম্মদ আল বুর্শ জানান, হাসপাতালে ডিউটিতে থাকা অবস্থাতেই দাদার মৃত্যুর খবর পান তিনি।

ইজরায়েলি সেনার তরফে হামলার কথা স্বীকার করে দাবি করা হয়েছে, তারা জঙ্গিদের নিশানা করেছিল এবং বসির সেই দলের সঙ্গেই যুক্ত ছিলেন। এই ঘটনার পাশাপাশি গাজা সিটির পূর্বাঞ্চল ও শেখ রাদওয়ান জেলাতেও ইজরায়েলি হামলায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।

মুনির আল বুর্শের পরিবারের জন্য এই শোক নতুন নয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরেও ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিল তাঁর ১৩ বছরের শিশুকন্যা জিনান। সেই হামলায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন মুনির নিজেও, ভেঙে গিয়েছিল শরীরের একাধিক হাড়। এ বার চোখের সামনে বড় ছেলেকে হারিয়ে আবারও ধসে পড়ল এক শোকস্তব্ধ পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *