সিভিক ভলান্টিয়ারদের নিয়ে লালবাজারের কড়া পদক্ষেপ! ডিউটিতে ঢিলেমি বা অনিয়ম করলেই সোজা চাকরি ছাঁটাই

সিভিক ভলান্টিয়ারদের নিয়ে লালবাজারের কড়া পদক্ষেপ! ডিউটিতে ঢিলেমি বা অনিয়ম করলেই সোজা চাকরি ছাঁটাই

নয়াদিল্লি/কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের কাজের শৃঙ্খলা, পারফরম্যান্স এবং সামাজিক আচরণবিধিতে লাগাম টানতে অভূতপূর্ব এবং কড়া ব্যবস্থা নিল কলকাতা পুলিশ। ডিউটিতে গাফিলতি, শৃঙ্খলাভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, কিংবা তোলাবাজির মতো অভিযোগে জড়ালে এবার সরাসরি চাকরি হারাতে হতে পারে সিভিক ভলান্টিয়ারদের।

লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের হোম গার্ড অর্গানাইজেশনের ডেপুটি কমিশনার (DC, HGO) প্রয়োজন মনে করলে যেকোনো অনিয়মে যুক্ত সিভিক ভলান্টিয়ারকে সাময়িক বা স্থায়ীভাবে দায়িত্ব থেকে বরখাস্ত (Dimobilisation) করার ক্ষমতা পাবেন।

নির্দেশিকায় কী কী নতুন নিয়ম আনা হলো?

  • ৭ দিন অনুপস্থিতিতে শোকজ: উপযুক্ত অনুমতি বা ছুটি ছাড়া টানা ৭ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকলে সিভিক ভলান্টিয়ারকে প্রথম কারণ দর্শানোর (Show Cause) নোটিস পাঠানো হবে।
  • চূড়ান্ত নোটিস ও ছাঁটাই: প্রথম নোটিসের পরবর্তী ৭ দিনের মধ্যে কাজে না ফিরলে বা সন্তোষজনক জবাব না দিলে দ্বিতীয় তথা চূড়ান্ত নোটিস জারি করা হবে। তাতেও সঠিক ব্যাখ্যা না মিললে স্থায়ী বরখাস্তের আইনি প্রক্রিয়া শুরু হবে।
  • ফৌজদারি মামলা ও অশালীন আচরণ: ছোটখাটো বিষয় ছাড়া যেকোনো গুরুতর ফৌজদারি মামলায় নাম জড়ালে, অশালীন আচরণ করলে বা শারীরিকভাবে কাজের অযোগ্য হয়ে পড়লে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৩ মাস অন্তর ওসি-দের জমা দিতে হবে রিপোর্ট

প্রশাসনিক নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি থানার ওসি (Officer in Charge) এবং ইউনিট প্রধানদের ওপর নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ারদের পারফরম্যান্স, উপস্থিতি এবং আচরণের বিস্তারিত মূল্যায়ন করে প্রতি ৩ মাস অন্তর রিপোর্ট জমা দিতে হবে DC, HGO-র দপ্তরে। এই পারফরম্যান্স রিপোর্টের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে তাঁদের চাকরির মেয়াদ।

সম্প্রতি একাধিক ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। পুলিশি ব্যবস্থার ভাবমূর্তি উজ্জ্বল রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে সিভিকদের আচরণ সুসংহত করতেই লালবাজারের এই কঠোর সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *