ভোটের মুখে বিজেপিতে সুযোগসন্ধানীদের ভিড়? বিস্ফোরক বিজেপি নেতা সৌমিক রাহা!

ভোটের মুখে বিজেপিতে সুযোগসন্ধানীদের ভিড়? বিস্ফোরক বিজেপি নেতা সৌমিক রাহা!

ভোটের বাদ্যি বাজতেই সরগরম রাজ্য রাজনীতি। আর ঠিক এই সময়েই দলীয় অন্দরের গোপন হাটে বোমা ফাটালেন বিজেপি নেতা সৌমিক রাহা। তাঁর বিস্ফোরক অভিযোগ— অতীতে এলাকায় দাপট দেখানো কিছু সুযোগসন্ধানী ও বিতর্কিত ব্যক্তি এখন নিজেদের পরিচয় বদলে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছাকাছি ঘেঁষার আপ্রাণ চেষ্টা করছে। সৌমিকের এই মন্তব্যে রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে নতুন তোলপাড়।

সুযোগসন্ধানীদের আসল চেহারা ফাঁস সৌমিক রাহার স্পষ্ট দাবি, একসময় যেসব ব্যক্তি এলাকায় নিজেদের আধিপত্য কায়েম রাখতে অপকর্ম চালিয়েছেন, তারাই এখন ‘রাজনীতি নিরপেক্ষ’ কিংবা ‘নতুন সমর্থক’-এর মুখোশ পরে বিজেপিতে ঢোকার রাস্তা খুঁজছেন।

ক্ষোভ প্রকাশ করে সৌমিক বলেন, “যাঁরা একসময় এলাকার পরিবেশ নষ্ট করেছেন, তাঁরাই আজ রাতারাতি খোলস বদলে বিজেপির প্রভাবশালী নেতাদের পাশে ঘুরঘুর করছেন। দলীয় স্বার্থে নয়, নিজেদের আখের গোছাতেই এই মরিয়া চেষ্টা।”

চড়ছে ক্ষোভের পারদ সৌমিকের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুধু বিরোধী শিবির নয়, বিজেপির নিজস্ব নিবেদিতপ্রাণ কর্মীদের মধ্যেও তুমুল শোরগোল শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে দলের জন্য লড়াই করা পুরনো কর্মীরা সাফ জানিয়ে দিচ্ছেন— এই ধরনের ‘গিরগিটিদের’ প্রাধান্য দিয়ে আসল কর্মীদের পাশ কাটানোর চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ভোটের ঠিক মুখে সৌমিক রাহার এই প্রকাশ্যে মুখ খোলা দলকে বড় ধরনের অস্বস্তিতে ফেলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *