পাঞ্জাবে পুলিশকর্তা খুনে এনকাউন্টার! খতম মূল অভিযুক্ত, চাঞ্চল্যকর পাক-জঙ্গি যোগ

চণ্ডীগড়: পাঞ্জাবে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) হরজিৎ সিং হত্যাকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত দীপক সিং শনিবার রাতে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডের নেপথ্যে একটি পাকিস্তানি জঙ্গি সংগঠনের সরাসরি হাত রয়েছে।
গত শুক্রবার প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হয় এএসআই হরজিৎ সিংকে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ, টাওয়ার ডাম্প বিশ্লেষণ এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত দীপক সিংকে শনাক্ত করে। দীপক অমৃতসরের মুলচকের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১০টা নাগাদ স্থানীয় একটি চেকপয়েন্টে ফাঁদ পেতেছিল যৌথ বাহিনী। দীপক ও তার এক সহযোগী বাইকে করে সেদিক দিয়ে যাওয়ার সময় পুলিশকে দেখে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুরুতর জখম হয় দীপক। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে অন্ধকারের সুযোগ নিয়ে দীপকের সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তার খোঁজে জোর তল্লাশি চলছে।
ঘটনাস্থল থেকে একটি .৩০ বোরের পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড তাজা কার্তুজ, একটি মোবাইল ফোন এবং স্কুটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, বিপুল টাকার প্রলোভন দেখিয়ে পাক জঙ্গি সংগঠনটি দীপকদের দিয়ে পুলিশকর্তাকে হত্যার এই পরিকল্পনা বাস্তবায়ন করিয়েছিল।