আকাশের পর এবার তাঁর ২ ঘনিষ্ঠ! শালবনি থেকে জালে ৭ লাখি মাওবাদী দম্পতি

মাওবাদী নেতা আকাশ ওরফে অসীম মণ্ডলের গ্রেপ্তারের পরেই ফের জঙ্গলমহলে স্পেশাল টাস্ক ফোর্সের (STF) বড় সাফল্য। এবার পুলিশের জালে ধরা পড়ল এক মাওবাদী দম্পতি। রবিবার পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের লালগেড়িয়া অঞ্চলের সরবেড়িয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে এসটিএফ।
কাদের গ্রেপ্তার করা হল? ধৃতদের নাম রাজু মাহাতো (ওরফে মঙ্গল বা পতিতপবন মাহাতো) এবং তাঁর স্ত্রী মালতী মুর্মু (ওরফে মালা)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেই ধৃত শীর্ষ মাওবাদী নেতা আকাশের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।
মাথার দাম ছিল ৭ লক্ষ টাকা:
- রাজু মাহাতো: মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।
- মালতী মুর্মু: খোঁজে পুরস্কার ঘোষণা করা হয়েছিল ২ লক্ষ টাকা।
কীভাবে মিলল সন্ধান? গত বৃহস্পতিবার সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক আকাশকে চন্দ্রকোণা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করার পরেই শালবনির জঙ্গলঘেরা গ্রামে এই দম্পতির লুকিয়ে থাকার তথ্য হাতে পান তদন্তকারীরা।
সেই তথ্যের ভিত্তিতেই সরবেড়িয়া গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে রবিবারে দু’জনকে পাকড়াও করা হয়। বর্তমানে তাঁদের জেরা করে মাওবাদীদের বাকি নেটওয়ার্ক এবং ঝাড়খণ্ড-ওডিশা সীমান্তে লুকিয়ে থাকা অন্য সদস্যদের খোঁজ চালাচ্ছেন এসটিএফ আধিকারিকরা।