টাকা ফেরাও নয়তো সোজা জেল! আবাস ইস্যুতে দিলীপের কড়া তোপ

সরকারি প্রকল্পের টাকা বেআইনিভাবে নিয়ে থাকলে তা ফেরত দিতেই হবে, না হলে কপালে মিলবে জেল! কোচবিহার সফর থেকে ‘অযোগ্য’ উপভোক্তাদের উদ্দেশ্যে এই ভাষাতেই চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
নির্বাচনে জয়ের পর প্রথমবার কোচবিহার সফর করেন দিলীপ ঘোষ। সেখানকার রবীন্দ্রভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকে তাঁর পাশাপাশি উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়, মন্ত্রী বিশাল লামা এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাও। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবাস যোজনায় বেআইনি লেনদেন নিয়ে সরব হন মন্ত্রী।
দিলীপ ঘোষ স্পষ্ট জানান, আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার অযোগ্য উপভোক্তা নিয়ম বহির্ভূতভাবে টাকা হাতিয়ে নিয়েছেন। এই অযোগ্য ব্যক্তিদের চিহ্নিত করে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। সোজা ভাষায় কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, “যাঁরা বেআইনিভাবে আবাস যোজনায় টাকা নিয়েছেন, টাকা ফেরত দিন, নয়তো জেলে যান।” টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এর পাশাপাশি, বৈঠকে পঞ্চায়েতের কাজ, স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) সক্রিয়তা এবং জি-রাম-জি (G-RAM-G) প্রকল্প নিয়ে দুই জেলার আধিকারিক ও বিধায়কদের সঙ্গে আলোচনা হয়। যে অঞ্চলগুলিতে প্রধান নেই, সেখানে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। একই সঙ্গে জি-রাম-জি প্রকল্পে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মন্ত্রী।