রেজিনগরে অল-আউট তৃণমূল! প্রচারে মমতা-অভিষেক সহ ২০ হেভিওয়েট

পুজোর মুখেই রাজ্যের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে। প্রতীক ‘ফ্রিজ’ বিতর্ক থেকে শুরু করে একের পর এক নাটকীয় পরিস্থিতির পর, এবার রেজিনগর কেন্দ্রকেই ‘পাখির চোখ’ করে অল-আউট ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনে রেজিনগরের ঘাসফুল প্রার্থী রবিউল আমল চৌধুরীর সমর্থনে ২০ জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল কালীঘাট।
তারকা প্রচারকের তালিকায় কারা? প্রকাশিত ২০ জন হেভিওয়েট প্রচারকের তালিকার শীর্ষেই জ্বলজ্বল করছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি নিজে প্রচারে নামবেন কিনা তা নিয়ে জল্পনা থাকলেও, তালিকায় তাঁর নাম থাকায় বার্তা স্পষ্ট। এছাড়া তালিকায় রয়েছেন:
- অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়
- সৌগত রায়, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ
- দোলা সেন, বাবর আলি, উপাসনা চৌধুরী সহ শীর্ষ নেতৃত্ব।
কেন রেজিনগরই এখন তৃণমূলের একমাত্র লক্ষ্য? নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করার পর সেখানে কংগ্রেসকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে দল। ফলে এই উপনির্বাচনে তৃণমূলের সমস্ত নজর এখন রেজিনগরের ওপর।
উল্লেখ্য, প্রতীক নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে রেজিনগরের প্রার্থী রবিউল আমল চৌধুরী আগেই জানিয়েছিলেন তিনি লড়ছেন। রবিউলের সমর্থনে এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নামায় আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির।