ঘুষ কিংবা দুর্ব্যবহার করলেই যাবে চাকরি! সিভিক ভলান্টিয়ারদের নিয়ে চরম কড়া নির্দেশ কলকাতা পুলিশের
September 21, 20269:08 am

কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের কাজকর্মে স্বচ্ছতা আনতে এবং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সাধারণ মানুষের সঙ্গে দুব্যবহার, তোলাবাজি, ঘুষ কিংবা অনুমতি ছাড়া দীর্ঘদিন কাজে অনুপস্থিত থাকলে— এখন আর বরদাস্ত করা হবে না। সরাসরি খোয়াতে হতে পারে চাকরি।
কলকাতা পুলিশ কমিশনার ইতিমধ্যেই সিভিক ভলান্টিয়ারদের শৃঙ্খলা ও দায়বদ্ধতা বাড়াতে এই নতুন ‘কোড অফ কনডাক্ট’ (Code of Conduct) নির্দেশিকায় স্বাক্ষর করেছেন।
নয়া নিয়মে যা যা থাকছে:
- ৩ মাস অন্তর কাজের পর্যালোচনা: প্রতি তিন মাস পর পর সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জ (OC) বা ইউনিট হেড সিভিক ভলান্টিয়ারদের পারফরম্যান্স ও আচরণ পর্যালোচনা করবেন। সেই রিপোর্ট জমা পাঠাতে হবে ডেপুটি কমিশনার অফ পুলিশ (হোম গার্ড)-এর কাছে।
- যেসব কারণে যেতে পারে চাকরি: কর্তব্যে গাফিলতি, দুর্নীতি, তোলাবাজি, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা বা সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহারের অভিযোগ প্রমাণিত হলেই কঠোর আইনি পদক্ষেপ ও চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করা হতে পারে।
- বিনা অনুমতিতে কামাইয়ের কড়া শাস্তি: অনুমতি ছাড়া টানা ৭ দিন অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারকে সোজা WhatsApp-এ নোটিশ পাঠানো হবে। শোকজের জবাব দেওয়ার জন্য মিলবে ৭ দিন সময়। এই সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না মিললে পাঠানো হবে চূড়ান্ত নোটিশ। তাতেও উপযুক্ত কারণ না দেখালে স্থায়ীভাবে কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে।
- শারীরিক অক্ষমতা: চিকিৎসাজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য দায়িত্ব পালনে অক্ষম হলে ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, সিভিক ভলান্টিয়ারদের প্রতি মুহূর্তের পারফরম্যান্স এখন থেকে স্ক্যানারে রাখা হবে, যাতে কোনো অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার না ঘটে।