মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর! দক্ষিণ কলকাতা থেকে সোজা সল্টলেক IT Hub, অরেঞ্জ লাইনে বড় সাফল্য

মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর! দক্ষিণ কলকাতা থেকে সোজা সল্টলেক IT Hub, অরেঞ্জ লাইনে বড় সাফল্য

কলকাতা: তিলোত্তমার মেট্রো নেটওয়ার্কে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন পালক। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে মিলল বড় সাফল্য। ৩২ কিলোমিটার দীর্ঘ কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের বেলেঘাটা থেকে আইটি সেন্টার অংশে সফলভাবে সম্পন্ন হলো প্রথম পুশ ট্রলি পরিদর্শন। এর ফলে প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল এবং বিদ্যুৎ সংক্রান্ত কাজ শুরুর পথও পরিষ্কার হয়ে গেল।

দক্ষিণ কলকাতা থেকে সরাসরি সল্টলেক IT Hub মেট্রো সূত্রের খবর, বেলেঘাটা থেকে আইটি সেন্টার অংশটিতে ভায়াডাক্ট এবং ব্যালাস্টলেস ট্র্যাকের (BLT) কাজ আগেই শেষ হয়েছিল। ১৭ সেপ্টেম্বর এই অংশে পুশ ট্রলি পরিদর্শন সফল হওয়ায় এবার তৃতীয় রেল (Third Rail) বসানো এবং সিগন্যালিংয়ের মতো চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুত শুরু হবে।

এই রুটটি চালু হলে দক্ষিণ কলকাতার সঙ্গে সল্টলেকের আইটি হাবের সরাসরি দ্রুত যোগাযোগ তৈরি হবে। এর ফলে ইএম বাইপাসের ওপর গাড়ির চাপ কমবে এবং প্রতিদিন হাজার হাজার কর্মজীবী মানুষের সময় অনেকটাই বাঁচবে।

বিটি রোডে কাটল দীর্ঘদিনের জট অরেঞ্জ লাইনের পাশাপাশি মেট্রোর অন্যান্য রুটগুলোতেও কাজের গতি বাড়ানো হচ্ছে:

  • বরানগর–ব্যারাকপুর রুট: বিটি রোডের নিচে থাকা জলের পাইপলাইন সরানোর জন্য দীর্ঘ প্রতীক্ষিত নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দিয়েছে কলকাতা পুরসভা। ফলে বিটি রোডের ওপর মেট্রো ভায়াডাক্ট নির্মাণের কাজ এবার দ্রুত শুরু হতে পারে।
  • বিমানবন্দর–বারাসাত রুট: যশোর রোডের যানজট কমাতে এবং শহরতলির যোগাযোগ উন্নত করতে এই রুটের কাজও ফের গতি পাচ্ছে।

লক্ষ্য ১৩০ কিলোমিটার নেটওয়ার্ক ও স্বয়ংক্রিয় সুরক্ষা ১৯৮৪ সালে দেশের প্রথম মেট্রো হিসেবে যাত্রা শুরু করা কলকাতা মেট্রো বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৬ লক্ষ যাত্রী বহন করে (২০২৫–২৬ অর্থবর্ষে মোট যাত্রী সংখ্যা ছিল ২৩.৬০ কোটি)।

বর্তমানে নেটওয়ার্কের দৈর্ঘ্য ৭৩ কিলোমিটার হলেও আগামী কয়েক বছরে তা বাড়িয়ে ১৩০ কিলোমিটারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া অরেঞ্জ লাইনে যাত্রী সুরক্ষা ১০০% নিশ্চিত করতে আনা হচ্ছে অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) ব্যবস্থা, যা চালকের অসতর্কতাতেও ট্রেনকে লাল সিগন্যাল অতিক্রম করতে দেবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *