‘খনিজ সম্পদ নিয়ে রাজনীতি চলবে না!’ অশোকনগরে ওএনজিসি-র নতুন যন্ত্র চালু করে বার্তা শমীকের

‘খনিজ সম্পদ নিয়ে রাজনীতি চলবে না!’ অশোকনগরে ওএনজিসি-র নতুন যন্ত্র চালু করে বার্তা শমীকের

অশোকনগর (উত্তর ২৪ পরগনা): উত্তর ২৪ পরগনার অশোকনগর তৈলক্ষেত্রে এবার প্রযুক্তিগত উন্নয়নের নতুন অধ্যায় সূচনা হলো। ওএনজিসি-র (ONGC) এই প্রকল্পে বসানো হয়েছে ‘কিউপিএস সেপারেটর’ (QPS Separator) নামের একটি অত্যাধুনিক যন্ত্র। রবিবার আনুষ্ঠানিকভাবে এই নতুন যন্ত্রটির উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

কী কাজ করবে এই নতুন যন্ত্র? এত দিন অশোকনগর থেকে উত্তোলিত অপরিশোধিত তেল সরাসরি হলদিয়া শোধনাগারে পাঠানো হতো। তবে এই ‘কিউপিএস সেপারেটর’ চালু হওয়ায় এখন অশোকনগরেই অপরিশোধিত তেলের সাথে মিশে থাকা জল ও বিভিন্ন ধরনের গ্যাস আলাদা করা সম্ভব হবে। ফলে জল ও গ্যাসমুক্ত বিশুদ্ধ অপরিশোধিত তেল ট্যাঙ্কারে করে সহজে ও দ্রুততার সাথে হলদিয়া শোধনাগারে পাঠানো যাবে।

‘সম্পদ নিয়ে রাজনীতি নয়’, স্পষ্ট বার্তা শমীকের প্রকল্প এলাকা পরিদর্শনের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের পূর্বতন প্রশাসনিক মনোভাব নিয়ে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, প্রকল্পের কাজ দ্রুত এগোতে একাধিকবার চিঠি পাঠানো হলেও রাজ্যের তরফে মেলেনি ইতিবাচক সাড়া। যার ফলে প্রকল্পটির অগ্রগতি খানিকটা থমকে গিয়েছিল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, “প্রাকৃতিক ও খনিজ সম্পদ নিয়ে কোনো রাজনৈতিক বিভাজন থাকা উচিত নয়। অশোকনগর থেকে অত্যন্ত উচ্চমানের তেল পাওয়া যাচ্ছে এবং এই সম্পদ সমগ্র রাজ্যের। এর উন্নয়নে সকলের সদিচ্ছা ও সহযোগিতা প্রয়োজন।”

আর্থ-সামাজিক পরিবর্তনের আশা শমীক ভট্টাচার্য জানান, অশোকনগরের এই তৈলক্ষেত্র প্রকল্পে কেন্দ্র সরকার ইতিমধ্যে প্রায় ১,১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ পেলে কেবল এই অঞ্চল নয়, বরং পুরো উত্তর ২৪ পরগনা জেলার আর্থিক ও সামাজিক চিত্রে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদী তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *