গ্রান্ট ইনএইড কর্মীদের বকেয়া DA কবে? সুপ্রিম কমিটির বৈঠকে বড় পদক্ষেপের বার্তা!

পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে রাজ্য সরকারি কর্মীদের একাংশ স্বস্তি পেলেও, এখনও সুরাহা মেলেনি ‘গ্রান্ট ইন এইড’ (Grant-in-Aid) কর্মচারীদের। সুপ্রিম কোর্টের গঠিত মনিটরিং কমিটির নির্দেশ মেনে রাজ্য সরকার পর্যায়ক্রমে বকেয়া মেটালেও এই কর্মচারীরা এখনও নিজেদের বঞ্চিত বলেই দাবি করছেন। এই ইস্যুতে এবার জোরালো বার্তা দিল সরকারি কর্মচারী সংগঠন ‘কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ’।
সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক ভিডিও বার্তায় জানান, গ্রান্ট ইন এইড কর্মীদের আইনি লড়াইয়ের পরামর্শ আগেই দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স (AICPI) মেনে বকেয়া DA পাওয়ার দাবিতে উচ্চ আদালতে একের পর এক মামলা দায়ের হয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠন, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে সম্প্রতি একটি হেডমাস্টার অ্যাসোসিয়েশনও আদালতের দ্বারস্থ হয়েছে।
মলয় মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, সর্বোচ্চ আদালত প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটিকে দায়িত্ব দিয়েছে। ওই কমিটির আগামী বৈঠকে গ্রান্ট ইন এইড কর্মীদের অধিকার নিয়ে তারা সোচ্চার হবেন। অন্যদিকে, হাইকোর্টে চলা মামলায় ইতিমধ্যেই সম্মানীয় বিচারপতি রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। ফলে আদালতের নির্দেশের দিকেই এখন তাকিয়ে বঞ্চিত কর্মচারীরা।