দিল্লিতে ভুয়ো পুলিশ পরিচয়ে পার্কে নাবালিকাকে গণধর্ষণ, এনকাউন্টারের পর ধরা পড়ল ১ অভিযুক্ত!
নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে ফের এক নাবালিকাকে গণধর্ষণের নৃশংস অভিযোগ। সোমবার সন্ধ্যায় সাউথ দিল্লির কালকাজি মন্দির সংলগ্ন ‘আস্থা কুঞ্জ’ পার্কে ভুয়ো পুলিশ পরিচয়ে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে তিন যুবক। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ভোরে এক অভিযুক্তকে এনকাউন্টারের পর গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
পুলিশ সেজে ভয় দেখিয়ে হামলা পুলিশ সূত্রের খবর, দিল্লির বাসিন্দা ওই কিশোরী সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ তার ১৭ বছর বয়সি পুরুষ বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তারা পাশের আস্থা কুঞ্জ পার্কে গিয়ে বসে। সেই সময়ই সেখানে উপস্থিত হয় ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন যুবক। নিজেদের ‘পুলিশ’ পরিচয় দিয়ে তারা ওই কিশোরী ও তার বন্ধুকে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগ, তিনজনের মধ্যে একজন কিশোরীর বন্ধুকে আটকে ধরে রাখে এবং বাকিরা পরপর নাবালিকাকে নির্যাতন করে।
পুলিশের দ্রুত পদক্ষেপ ও এনকাউন্টার ঘটনার পর রাত ৯টা নাগাদ দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে ফোন যায়। খবর পেয়েই টহলদারি পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাবালিকা ও তার বন্ধুকে উদ্ধার করেন। কিশোরীকে দ্রুত শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্তদের ধরতে রাতেই তল্লাশি শুরু করে পুলিশ। মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর আসিফ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
বাকিদের খোঁজে তল্লাশি ঘটনার তদন্তে কালকাজি মন্দির, ইসকন মন্দির এবং আস্থা কুঞ্জ পার্ক সংলগ্ন এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ওই এলাকায় যাতায়াত করা মানুষদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি দুই পলাতক অভিযুক্তকে ধরতে দিল্লি জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।