হোয়াইট হাউসে বড় ধাক্কা! ৩ সংবাদমাধ্যমকে ‘ব্যান’ করে ২৪ ঘণ্টার ‘ট্রাম্প টিভি’ চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন রাজনীতি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নজিরবিহীন পদক্ষেপ! হোয়াইট হাউস থেকে একাধিক শীর্ষ সারির মিডিয়া হাউসকে নিষিদ্ধ করার পরপরই চব্বিশ ঘণ্টার নিজস্ব ব্রডকাস্টিং স্ট্রিমিং সার্ভিস ‘ট্রাম্প টিভি’ (Trump TV) চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউটিউবেই দেখা যাবে ট্রাম্পের ২৪ ঘণ্টা হোয়াইট হাউসের অফিসিয়াল ইউ-টিউব চ্যানেল এবং ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টের মাধ্যমে এই চ্যানেলটি সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টাই সম্প্রচারিত হবে। আমেরিকার প্রেসিডেন্টের যাবতীয় সরকারি কাজ, শপথগ্রহণ অনুষ্ঠান, হাই-প্রোফাইল মিটিং এবং গুরুত্বপূর্ণ সমস্ত ঘোষণার ভিডিও এই প্ল্যাটফর্মে সরাসরি দেখতে পাবেন সাধারণ মানুষ।
কেন হঠাৎ এই পদক্ষেপ? সম্প্রতি আমেরিকার জনপ্রিয় ৩টি মিডিয়া হাউস— CNN, MS NOW এবং Politico-র প্রতিনিধিদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর অভিযোগ, এই সংবাদমাধ্যমগুলি তাঁর প্রশাসনিক কাজের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ভুয়ো খবর’ (Fake News) ছড়াচ্ছিল।
আইনি লড়াইয়ের পথে সংবাদমাধ্যম ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তের পর ক্ষোভে ফেটে পড়েছে আমেরিকার মূলধারার সংবাদমাধ্যমগুলি। প্রশাসনের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই তিন মিডিয়া হাউস। তাদের স্পষ্ট কথা— সংবাদমাধ্যম কী রিপোর্ট প্রকাশ করবে, সে বিষয়ে মার্কিন সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না।