না বলে স্কুলে কামাই? শিক্ষকদের চরম হুঁশিয়ারি রাজ্য শিক্ষা দফতরের!

ডিএ ও টেট সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে গিয়ে প্রাথমিক স্কুলের একশ্রেণীর শিক্ষক-শিক্ষিকা নিয়ম না মেনে স্কুলে অনুপস্থিত থাকছেন—এমনই অভিযোগ উঠেছে। শিক্ষকের এই অনুপস্থিতির কারণে যেন শিক্ষার্থীদের পঠনপাঠন বিঘ্নিত না হয়, সে বিষয়ে এবার কঠোর অবস্থান নিল রাজ্য শিক্ষা দফতর।
শিক্ষা দফতরের তরফ থেকে সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের (DI) কাছে ইতিমধ্যেই একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো প্রাথমিক শিক্ষক বিনা অনুমতিতে স্কুলে অনুপস্থিত থাকলে দ্রুত বিষয়টি খতিয়ে দেখতে হবে। ছুটির আবেদন নিয়মমাফিক থাকলে তা মঞ্জুর করা যেতে পারে। তবে অনুমতি না নিয়ে কেউ অনুপস্থিত থাকলে, তাঁর বিরুদ্ধে নিয়ম মেনে দ্রুত শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা (Disciplinary Action) শুরু করার কথা বলা হয়েছে।
শুধু সাম্প্রতিক বিষয় নয়, বকেয়া থাকা পুরোনো ঘটনাগুলির ক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অননুমোদিত ছুটির পুরোনো কোনো ফাইল বা পেন্ডিং ঘটনা থেকে থাকলে, সেগুলিও দ্রুত নিষ্পত্তি করতে হবে। প্রতিটি ঘটনার গুরুত্ব বিবেচনা করে যেখানে ছুটি দেওয়ার সুযোগ রয়েছে সেখানে ছুটি মঞ্জুর করা হবে, আর নিয়মভাঙার ক্ষেত্রে শুরু হবে বিভাগীয় ব্যবস্থা।
মূলত, শিক্ষকদের অনুপস্থিতির জন্য কোনোভাবেই যাতে ক্লাসের ক্ষতি না হয় এবং পড়ুয়াদের পড়াশোনা স্বাভাবিক থাকে, তা সুনিশ্চিত করতেই শিক্ষা দফতরের এই কড়া কদম।