‘আর দেরি নয়, দ্রুত দিন ঠিক হোক!’ পুজোর মুখেই বকেয়া ডিএ নিয়ে বড় পদক্ষেপ সরকারি কর্মীদের

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ ইস্যু নিয়ে মনিটরিং কমিটির বৈঠক আটকে থাকা ঘিরে ফের বাড়ছে জল্পনা। পুজোর ছুটির আগেই যাতে স্থগিত হয়ে যাওয়া বৈঠকটি দ্রুত আয়োজন করা হয়, সেই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্ট গঠিত কমিটির চেয়ারম্যান, প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ।
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অর্থ দপ্তরের তরফে ‘বিশেষ কারণ’ দেখিয়ে তা বাতিল করা হয়। জানানো হয়েছিল, পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। কিন্তু তারপর দীর্ঘদিন কেটে গেলেও নতুন কোনো দিনক্ষণ ঘোষণা না হওয়ায় চরম ক্ষোভ তৈরি হয় আন্দোলনকারী কর্মচারীদের মধ্যে।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বকেয়া নির্দেশকে স্মরণ করিয়ে আসরে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আইনি প্রতিনিধি (AOR Dharmaprabhash Law Associates)-র মারফত প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দিল্লিতে হতে চলা বৈঠকে যোগ দিতে যৌথ মঞ্চের সমন্বয়ককেও আগাম প্রস্তুতি নিতে হবে। তাই পুজোর ছুটির আগেই যদি এই বৈঠক সম্পন্ন হয়, তবে মামলায় যুক্ত সব পক্ষের জন্যই সুবিধা হবে।
সামাজিক মাধ্যমে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ লেখেন, “গত ১২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি মালহোত্রা কমিটির সাথে বৈঠকটি বাতিল হওয়ার পর আর কোনো বার্তা পাওয়া যায়নি। তাই আমাদের আইনজীবীর মাধ্যমে অতি দ্রুত নতুন তারিখ চেয়ে চিঠি দেওয়া হলো। আশা করি শীঘ্রই এই বৈঠক অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, পঞ্চম পে কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ জট কাটাতে শীর্ষ আদালত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠন করে দিয়েছিল। নির্দেশ ছিল, মামলার সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধি ও আইনজীবীদের নিয়ে বৈঠক করবে এই কমিটি। গত ১৮ আগস্ট সর্বোচ্চ আদালত আন্দোলনকারী কর্মচারী সংগঠনগুলির ১০ জন প্রতিনিধির নামও অনুমোদন করেছিল, যাঁদের উপস্থিতিতেই এই অমীমাংসিত বৈঠকের আলোচনা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।