টানা ৫ দিন অচল হতে পারে ব্যাঙ্ক পরিষেবা! ২৮ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ধর্মঘটের ডাক

টানা ৫ দিন অচল হতে পারে ব্যাঙ্ক পরিষেবা! ২৮ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ধর্মঘটের ডাক

মাসের শেষেই দেশজুড়ে বড়সড় ব্যাঙ্কিং সংকটের আশঙ্কা। সপ্তাহে ৫ দিন কাজের দাবি এবং একাধিক বকেয়া দাবিদাওয়া নিয়ে আগামী ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলির যৌথ মঞ্চ UFBU। ধর্মঘটের আগে ২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) এবং ২৭ সেপ্টেম্বর (রবিবার) হওয়ায় টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা কার্যত বন্ধ থাকতে পারে।

কেন এই ধর্মঘটের ডাক? ব্যাঙ্ক কর্মীদের প্রধান দাবি—সপ্তাহে ৫ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা। ইউনিয়নগুলির দাবি, ২০২৪ সালের মার্চ মাসে ওয়েজ রিভিশন চুক্তির সময় এই বিষয়ে সম্মতি জানানো হলেও কেন্দ্র তা এখনও কার্যকর করেনি। এছাড়া পারফর্ম্যান্স লিঙ্কড ইনসেনটিভ (PLI) সংক্রান্ত সমস্যা সমাধান না হওয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধর্মঘটে যোগ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করার প্রতিবাদেও সরব হয়েছেন কর্মী সংগঠনের প্রতিনিধিরা।

বৈঠকেও মিলল না সমাধান সমস্যা সমাধানের লক্ষ্যে সম্প্রতি নয়াদিল্লিতে শ্রম মন্ত্রকের নেতৃত্বে এক ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে ভারতীয় ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস (DFS)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কেন্দ্র ও IBA-র তরফ থেকে জানানো হয়, ৫ দিনের ব্যাঙ্কিং চালুর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কগুলির অর্ধবার্ষিক ক্লোজিং (Half-Yearly Closing) থাকায় গ্রাহক স্বার্থের কথা ভেবে ধর্মঘট পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় সরকার। তবে নির্দিষ্ট কোনো সরকারি ঘোষণা না থাকায় ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছে UFBU।

কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়বে? টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ বা পরিষেবা ব্যাহত হলে বড় প্রভাব পড়তে পারে—

  • শাখায় গিয়ে টাকা জমা ও তোলার কাজ বন্ধ থাকতে পারে।
  • অনেক জায়গায় এটিএম (ATM)-এ নগদ টাকার আকাল দেখা দেওয়ার আশঙ্কা।
  • চেক ক্লিয়ারেন্স, ব্যবসায়িক লেনদেন এবং আন্তর্জাতিক ব্যাঙ্কিং স্থগিত হতে পারে।
  • সরকারি লেনদেন ও ৩০ সেপ্টেম্বরের হাফ ইয়ারলি ক্লোজিংয়ের কাজে বড়সড় ব্যাঘাত ঘটতে পারে।

সরকারের পক্ষ থেকে আলোচনা চালু রাখার আবেদন জানানো হলেও ইউনিয়নগুলি জানিয়ে দিয়েছে—পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করার সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট চলবেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *