মা বাথরুমে যেতেই শিশু ওয়ার্ডে হানাদারি! ব্যারাকপুরে বাচ্চা চুরির চেষ্টায় গ্রেফতার ২

ব্যারাকপুর: মা মাত্র কয়েক মিনিটের জন্য বাথরুমে গিয়েছিলেন। আর সেই সুযোগেই হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে সদ্যোজাতকে চুরি করে চম্পট দেওয়ার চেষ্টা চালানো হলো! ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে। তবে হাসপাতাল কর্মীদের উপস্থিত বুদ্ধিতে বড় বিপদ এড়ানো গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ডে নিজের সন্তানকে নিয়েই ছিলেন এক প্রসূতি। বিশেষ প্রয়োজনে তিনি কিছুক্ষণের জন্য ওয়ার্ডের বাইরে বাথরুমে যান। অভিযোগ, ঠিক তখনই এক অচেনা মহিলা শিশুটির কাছে এসে তাকে তড়িঘড়ি একটি কাপড়ে জড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি নজর এড়ায়নি ওয়ার্ডে কর্মরত এক মহিলা কর্মীর।
সন্দেহ হতেই ওই মহিলাকে আটকে পরিচয় জানতে চান হাসপাতালের কর্মীরা। আত্মপক্ষ সমর্থনে তিনি নিজেকে শিশুটির আত্মীয় বলে দাবি করেন। তবে তাঁর কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ আরও গাঢ় হয়। এরপরই কালবিলম্ব না করে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় থানায় জানানো হয়।
খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছায় পুলিশ। মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর তাঁর সঙ্গে আসা আরও এক মহিলাকে আটক করা হয়। টানা জিজ্ঞাসাবাদের পর দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম হাসিনা বিবি এবং সাবনাম পারভিন।
ঠিক কী উদ্দেশ্যে তাঁরা শিশুটিকে চুরি করার চেষ্টা করছিলেন, এর পেছনে সংগঠিত কোনও পাচার চক্র জড়িয়ে রয়েছে কি না— তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।