রক্ষকই ভক্ষক! ২ বাংলাদেশিকে ভারতে ঢোকাতে গিয়ে জালে ভারতীয় জওয়ান

রক্ষকই ভক্ষক! ২ বাংলাদেশিকে ভারতে ঢোকাতে গিয়ে জালে ভারতীয় জওয়ান

বসিরহাট: রক্ষকই যখন ভক্ষক! মোটা টাকার বিনিময়ে দুই বাংলাদেশি নাগরিককে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক জওয়ান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্তে।

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে হাতেনাতে ধরে ফেলেন বিএসএফের এক উচ্চপদস্থ কর্মকর্তা। ধৃতদের কাছে ভারতে আসার কোনো বৈধ পাসপোর্ট বা নথি ছিল না। সীমান্তরক্ষা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে—নাম জয় বারুই ও বৈশাখী বারুই। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

এরপরই বিএসএফ তাঁদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতদের জেরা করতেই উঠে আসে বিস্ফোরক তথ্য। জানা যায়, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁদের সীমান্ত পার করিয়ে ভারতে ঢোকানোর পেছনে হাত ছিল গৌতম অধিকারী নামে এক সেনা জওয়ানের। হুগলির মগরার বাসিন্দা গৌতম বর্তমানে যোধপুরে কর্মরত।

ঘটনার পরই অভিযুক্ত জওয়ানকে পুলিশ গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃত বাংলাদেশি দম্পতি ও অভিযুক্ত জওয়ান—তিনজনকেই বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

সম্প্রতি রাজ্যজুড়ে সীমান্তে অনুপ্রবেশ রুখতে নজরদারি ও অভিযান ব্যাপক জোরদার করা হয়েছে। মালদা ও রায়গঞ্জ থেকেও সম্প্রতি একাধিক অনুপ্রবেশকারীকে জাল নথিসহ আটক করেছে পুলিশ। সীমান্ত সুরক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স নীতি সত্ত্বেও খোদ এক জওয়ানের এভাবে অনুপ্রবেশে জড়িয়ে পড়ার ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *