স্কুল-অঙ্গনওয়াড়ি বন্ধের নির্দেশ! বিপর্যয় মোকাবিলায় এই রাজ্যে জারি রেড অ্যালার্ট

স্কুল-অঙ্গনওয়াড়ি বন্ধের নির্দেশ! বিপর্যয় মোকাবিলায় এই রাজ্যে জারি রেড অ্যালার্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জেরে ওড়িশার উপকূলীয় ও দক্ষিণ অঞ্চলে চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। নিরাপত্তার স্বার্থে একাধিক জেলায় ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

স্কুল বন্ধ ও শিক্ষকদের বিশেষ ডিউটি খুদে পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে খুরদা, জগৎসিংহপুর, গঞ্জাম, গজপতি ও মালকানগিরি জেলার সব স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে স্কুল ভবনগুলি জরুরি আশ্রয় শিবির হিসেবে ব্যবহার হতে পারে, তাই শিক্ষক ও শিক্ষাকর্মীদের রোস্টার মেনে স্কুলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বাতিল সরকারি কর্মীদের ছুটি পরিস্থিতি সামাল দিতে গঞ্জাম, কোরাপুট ও কালাহান্ডি জেলার সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। কোরাপুট ও কালাহান্ডিতে শিক্ষকদের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কর্মস্থল ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

পরিবহন স্তব্ধ, ফেরি পরিষেবা বন্ধ ভারী বৃষ্টির আশঙ্কায় গঞ্জাম-কন্ধমাল সংযোগকারী কলিঙ্গ ঘাটে যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়া চিলিকা হ্রদের সাতপাড়া-জহ্নিকুদা ফেরি পরিষেবা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।

আবহাওয়ার পূর্বাভাস ও রেড অ্যালার্ট আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ঘনীভূত হয়ে ২৩-২৪ সেপ্টেম্বর রাতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করবে। এ সময় উপকূলে ঘণ্টার ৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কালাহান্ডি, কোরাপুট, গজপতি, গঞ্জাম ও মালকানগিরি জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। তবে রাজ্য প্রশাসনের বার্তা— এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা কম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *