অন্নপূর্ণার ৩,০০০ টাকা পাননি? বঞ্চিত নারীদের হক মেটাতে সোজা দরবারে সাংসদ সৌমিত্র খাঁ!
/indian-express-bangla/media/media_files/2026/08/22/annapurna-yojana-rejected-application-new-approval-payment-update-2026-08-22-17-00-59.jpg?w=640&fit=640,360&ssl=1)
অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে রাজ্যজুড়ে জোর শোরগোল। সেপ্টেম্বর মাসে রাজ্যের প্রায় ১ কোটি ৬০ লক্ষ নারী এই প্রকল্পের সুবিধা পেলেও, এখনও বহু যোগ্য আবেদনকারী বঞ্চিত বলে অভিযোগ। বিডিও অফিস থেকে অনলাইন—সব জায়গায় ঘুরেও অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। এবার সেই বঞ্চিত মহিলাদের অধিকার পাইয়ে দিতে সরাসরি ময়দানে নামলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
নিজের এলাকার একজন যোগ্য আবেদনকারীও যাতে এই সরকারি সুবিধা থেকে বাদ না পড়েন, সেই লক্ষ্যে সোজা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছেন সাংসদ। গত ১৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে সৌমিত্র খাঁ স্পষ্ট জানান, সঠিক ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বহু মহিলা টাকা পাচ্ছেন না। কেবল আর্জি জানিয়েই ক্ষান্ত থাকেননি সাংসদ, বাদ পড়া মহিলাদের আবেদনপত্রের আইডি (ID) এবং পূর্ণাঙ্গ তালিকাও ওই চিঠির সাথে সংযুক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন থেকেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়। রাজ্যজুড়ে বিশাল সংখ্যক নারী এই সুবিধা পেলেও বিষ্ণুপুরের বেশ কিছু পরিবার এতে বঞ্চিত থাকে, যা নিয়ে ক্ষোভ জমছিল।
সাংসদের এই তড়িৎ পদক্ষেপে অবশেষে আশার আলো দেখছেন স্থানীয় নারীরা। কোতুলপুরের বাসিন্দা মনিকা খাঁ জানান, “আমরা ২০ জন মিলে আবেদন করেছিলাম, বিডিও অফিসে ঘুরেও কাজ হয়নি। সাংসদ আমাদের হয়ে চিঠি পাঠানোয় আমরা কৃতজ্ঞ।” একই সুর রেণুকা রায়, রুমা নন্দী ও অর্পিতা পালদের গলায়। তাঁদের মতে, সাংসদের এই উদ্যোগে এবার যোগ্য মহিলারা নিজেদের সঠিক বিচার ও বকেয়া টাকা পাবেন।