বিকট শব্দে হুড়মুড়িয়ে ভাঙল দোতলা বাড়ি! বরাতজোরে রক্ষা পেল গোটা পরিবার

চন্দ্রকোনা (পশ্চিম মেদিনীপুর): চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। মঙ্গলবারের ভরা বিকেলে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের ভগবন্তপুর-২ পঞ্চায়েতের মহেশপুর পূর্ব পাড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ছড়ালেও, সময়ের তৎপরতায় বরাতজোরে অলৌকিক রক্ষা পেয়েছেন পরিবারের সকল সদস্য।
কী ঘটেছিল ঠিক? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসে পড়া দোতলা মাটির বাড়িটিতে যৌথভাবে বসবাস করতেন দুই ভাই— আশফাকুল্লা খান ও আসাদুল্লাহ খান। পেশায় দু’জনেই গাড়িচালক। পরিবারে শিশুসহ সদস্য সংখ্যা প্রায় ৮ থেকে ১০ জন। মঙ্গলবার বিকেলে হঠাৎই বাড়িটির ভেতরে অদ্ভুত আওয়াজ ও ফাটল ধরে ভেঙে পড়তে শুরু করে।
তৎপরতায় অলৌকিক প্রাণরক্ষা বিপদের আঁচ বুঝতে পেরে বিন্দুমাত্র দেরি না করে বাড়ির সদস্যরা দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। আর তার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো দোতলা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে মাটির সাথে মিশে যায়।
আচমকা এই বিপর্যয়ে বাড়ির ভেতরের সমস্ত আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেলেও, সময়মতো বাইরে বেরিয়ে আসায় প্রাণহানির হাত থেকে বেঁচে গেছেন সবাই। মাটির বাড়িটি ঠিক কী কারণে হঠাৎ এভাবে ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।