মাত্র ২ আসনেই বাজিমাত বিজেপির! রাজস্থানে পদ্ম শিবিরের পুরপ্রধান মুসলিম নারী

মাত্র ২ আসনেই বাজিমাত বিজেপির! রাজস্থানে পদ্ম শিবিরের পুরপ্রধান মুসলিম নারী

রাজস্থান: মাত্র দুটি আসন হাতে নিয়ে পুরো পুরসভার বোর্ড গঠন! রাজস্থানের নোহার পুরসভায় ঘটল এমনই এক অভূতপূর্ব রাজনৈতিক ঘটনা। মাত্র দুই কাউন্সিলরকে সাথে নিয়ে কংগ্রেসকে পেছনে ফেলে পুরসভা দখল করল বিজেপি। আর শেষ মুহূর্তের ভাগ্য পরীক্ষায় জয়ী হয়ে নোহারের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন পদ্ম শিবির সমর্থিত এক মুসলিম নারী।

৪০ ওয়ার্ডের নোহার পুরসভার নির্বাচনের ফলাফল ছিল বেশ নাটকে ভরা। নির্বাচনে কংগ্রেস এককভাবে ২০টি আসনে জয়লাভ করে। নির্দল প্রার্থীরা জয়ী হন ১৮টি ওয়ার্ডে, আর বিজেপির ঝুলিতে যায় মাত্র ২টি আসন।

সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কংগ্রেসের বোর্ড গড়া একপ্রকার নিশ্চিত মনে হলেও, মেয়র নির্বাচন ঘিরে তৈরি হয় জটিলতা। ১৮ জন নির্দল কাউন্সিলরকে সাথে নিয়ে বিজেপি সমর্থন জানায় নির্দল হিসেবে জয়ী হওয়া মুসলিম প্রার্থী হাজান খাতুনকে।

চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে মুখোমুখি হন কংগ্রেসের সুমিত চাচান এবং বিজেপি সমর্থিত হাজান খাতুন। ভোটের ফলাফলে দেখা যায়, দুই প্রার্থীই সমান ২০টি করে ভোট পেয়েছেন। শেষপর্যন্ত টাই ভাঙতে লটারির সাহায্য নেওয়া হয়।

লটারির ভাগ্যে শেষ হাসি হাসেন হাজান খাতুন। ফলে ২০টি আসন পেয়েও তীরে এসে তরী ডোবে কংগ্রেসের। আর অন্যদিকে, মাত্র ২ কাউন্সিলর থাকার পরও কূটনৈতিক চাল এবং লটারির জোরে নোহার পুরসভায় নিজেদের বোর্ড গঠন করে চমক দিল বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *