‘দিনে কয় কাপ চা খাচ্ছেন, সেই খবরও দিল্লিতে আছে!’ তোলাবাজি রুখতে বিজেপি বিধায়কদের চরম হুঁশিয়ারি নীতিন নবীনের

‘দিনে কয় কাপ চা খাচ্ছেন, সেই খবরও দিল্লিতে আছে!’ তোলাবাজি রুখতে বিজেপি বিধায়কদের চরম হুঁশিয়ারি নীতিন নবীনের

কলকাতা: বঙ্গ সফরে এসেই দলীয় বিধায়ক ও পদাধিকারীদের চরম হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। নিউ টাউন কনভেনশন সেন্টারে আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতার (Zero Tolerance) বার্তা দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, অন্যায় করলে কাউকেই রেয়াত করা হবে না।

বৈঠকে নীতিন নবীন বিধায়কদের অনড় ভঙ্গিতে জানিয়ে দেন, মানুষের নজর এবং দলের নজর সর্বদা তাঁদের জীবনযাত্রার ওপর রয়েছে। তিনি বলেন, “নামী-দামি গাড়ি চেপে ঘুরে বেড়ানো বন্ধ করুন। সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করতে হবে।” উদাহরণ হিসেবে দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “বাজপেয়ীজি রিকশায় চেপে, পায়ে হেঁটে ঘুরে সংগঠন মজবুত করেছিলেন। তাঁকেই আপনাদের আদর্শ করা উচিত।”

তোলাবাজি এবং দুর্নীতি নিয়ে নীতিনের কড়া হুঁশিয়ারি, “কোনও বিধায়ক তোলাবাজিতে জড়িয়ে পড়লে তাঁকে দল থেকে বার করে দিতে এক মুহূর্ত ভাবা হবে না। আপনারা দিনে কত কাপ চা-কফি খাচ্ছেন, দিল্লির কাছে তারও কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসেব আছে। ফলে এমন কিছু করবেন না যাতে দল বিড়ম্বনায় পড়ে।”

শুধু বিধায়করাই নন, মন্ত্রীদেরও সজাগ থাকার পরামর্শ দেন তিনি। গাড়ির চালক, আপ্ত-সহায়ক কিংবা পরিবারের সদস্যরা যাতে কোনও রাজনৈতিক বা প্রশাসনিক কাজে নাক না গলান, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। “বিশেষ প্রয়োজন ছাড়া মন্ত্রীদের দপ্তরে পরিবারের কেউ যেন বসে না থাকেন,” স্পষ্ট নির্দেশ নবীনের।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য পূর্বে যে সতর্কবার্তা দিয়েছিলেন, নীতিন নবীনের এদিনের সুর ছিল ঠিক একই রেখায়। তিনি মনে করিয়ে দেন, তৃণমূলকে পরাজিত করে বাংলায় বিজেপি সরকার গড়ে উঠেছে সেবা করার জন্য, তৃণমূলের মতো পথ অনুসরণের জন্য নয়। মোদীজির উদাহরণ টেনে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ ২৫ বছর ধরে সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আপনারাও সঠিক নীতি মেনে চলুন। পথচ্যুত হলে বা তৃণমূলের মতো আচরণ করলে পার্টি কঠোর পদক্ষেপ নেবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *